হাঙ্গেরিতে স্টিভ জবসের মূর্তি উন্মোচন
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে। গত ৫ অক্টোবর স্টিভ জবস মারা যান। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বুদাপেস্টে সফটওয়্যার ডিজাইন কোম্পানি গ্রাফিসফটের সদর দপ্তরের বাইরে মূর্তিটি স্থাপন করা হয়েছে। এটি উন্মোচন করেন গ্রাফিসফটের প্রতিষ্ঠাতা গ্যাবর বয়্যার। দুই মিটার উচ্চতার ওই মূর্তিটির ওজন প্রায় ২২০ কেজি। হাঙ্গেরির ভাস্কর এরনো টুথ এটির নকশা করেছেন। মূর্তির পাদদেশে ব্রোঞ্জের তৈরি আইপ্যাড আকৃতির একটি ট্যাবলেটে জবসের একটি উদ্ধৃতি খোদাই করা হয়েছে। উদ্ধৃতিটি হচ্ছে, ‘মহৎ কাজ করার একমাত্র উপায়, তুমি যা করো, তা ভালোবাসো।’ গ্রাফিসফট বলেছে, বিশ্বে জবসের মূর্তি এটাই প্রথম। গ্যাবর বয়্যার বলেন, ‘আমি স্টিভ জবস ও তথ্যপ্রযুক্তিতে তাঁর অর্জন এবং আমার প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর সুনির্দিষ্ট অবদানকে স্মরণীয় করে রাখতে চাই।’ তিনি বলেন, গ্রাফিসফট যখন স্বল্প পুঁজির ছোট প্রতিষ্ঠান ছিল, তখন অ্যাপল আমাদের নগদ অর্থ ও কম্পিউটার দিয়ে সহায়তা করেছে। ১৯৮৪ সালে জার্মানির হ্যানোভারে বয়্যার জবসের সঙ্গে দেখা করেন। তিনি জবসকে বলেছিলেন, অ্যাপলের অনুপ্রেরণা ও সহায়তার জন্য তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। পিটিআই অনলাইন।