স্নায়ুযুদ্ধকালীন মিত্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ভারত সফরের প্রথম দিনে গতকাল শুক্রবার নয়াদিল্লিতে ব্যস্ত দিন পার করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। দুই দিনের সফরে গত বৃহস্পতিবার তিনি ভারতে পৌঁছান। তাঁর এই সফরে অস্ত্র ও জ্বালানি বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে।রাশিয়ার কর্মকর্তারা জানান, দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা ও বেসামরিক পরমাণু চুল্লি স্থাপন, রাশিয়ার ‘অ্যাডমিরাল গোর্সকোভ’ বিমান বিক্রিসহ এক হাজার কোটি ডলারের এক ডজনেরও বেশি চুক্তি হওয়ার কথা। ভারতের কাছে রাশিয়ার অতিরিক্ত ২৯টি জঙ্গি বিমান বিক্রি এবং ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে একটি পরমাণু শক্তি ইউনিট স্থাপনসংক্রান্ত একটি চুক্তিও হওয়ার কথা। সেখানে ইতিমধ্যে দুটি চুল্লি স্থাপন করা হয়েছে।পুতিনের পররাষ্ট্রনীতির সহযোগী ইউরি উসাকভ বলেন, ‘নতুন চুক্তি উভয় দেশের জন্যই মঙ্গলজনক হবে। ভারতের ব্যাপারে আমাদের ব্যাপক আগ্রহ আছে।’ভারতের সামরিক সরঞ্জামের মোট চাহিদার ৭০ শতাংশই সরবারহ করে রাশিয়া। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারত সামরিক সরঞ্জাম সরবরাহকারী অন্য দেশগুলো, যেমন—ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে।পঞ্চাশের দশকে স্টালিনের মৃত্যুর পর থেকে মস্কো ও নয়াদিল্লির মধ্যে সুসম্পর্ক অব্যাহত আছে। কিন্তু ভারত এ বন্ধুত্বের মধ্যে ভারসাম্য আনতে সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ রাশিয়ার সঙ্গে সম্পর্কের মূল্যায়ন করতে গিয়ে বলেন, রাশিয়া ‘গুরুত্বপূর্ণ সহযোগী ও পরীক্ষিত বন্ধু’। তিনি বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আমাদের দৃষ্টিভঙ্গি এক।’ভারতের কর্মকর্তারা বলেন, তেল ও গ্যাসসমৃদ্ধ রাশিয়া এবং জ্বালানি সংকটে জর্জরিত ভারতের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানিই এখন মুখ্য বিষয়। কারণ ভারত এখন নিজেদের বিকাশমান অর্থনীতিকে চাঙা করতে জ্বালানির নতুন উত্স খুঁজছে।সফরকালে পুতিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সঙ্গে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পুতিন সর্বশেষ ২০০৭ সালে ভারত সফর করেন। এএফপি।