হাজার বছর পর...

১০৫৪ থেকে ২০১৬ সাল। এই ৯৬২ বছর ধরে প্রাচ্য ও পাশ্চাত্যে বিভক্ত হয়ে আছে খ্রিষ্টধর্মের মূল ধারা। এত দিন রোমান ক্যাথলিকের প্রধান পোপ ও রুশ অর্থোডক্স চার্চের প্রধানের মুখ দেখাদেখি বন্ধ ছিল। প্রায় হাজার বছর পর সেই দূরত্ব ঘুচিয়ে প্রথমবারের মতো দেখা করলেন তাঁরা। খবর বিবিসির।
শুক্রবার কিউবার হাভানা বিমানবন্দরের টার্মিনালে এই ঐতিহাসিক সাক্ষাৎ হয় পোপ ফ্রান্সিস ও রুশ অর্থোডক্সের প্রধান পেট্রিয়ার্ক কিরিলের মধ্যে। এ সময় পরস্পর কোলাকুলি ও চুম্বন করেন তাঁরা। রুশ অর্থোডক্স চার্চের প্রধান কিরিল পোপ ফ্রান্সিসকে জড়িয়ে ধরে বলেন, ‘ভাই, আপনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। অভিভূত।’ আর পোপ ফ্রান্সিস সংক্ষেপে বললেন, ‘অবশেষে!’
বৈঠক শেষে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমরা দুজন ভাই। নিঃসন্দেহে পরমেশ্বরের ইচ্ছায় আমাদের দেখা হলো।’ এক যৌথ ঘোষণায় তাঁরা বলেন, ‘মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশেই খ্রিষ্টান ভাইবোনদের পরিবার, গ্রাম ও শহর ধ্বংস করা হয়েছে। গির্জাগুলো ধ্বংস ও লুট করা হয়েছে।’ তাঁরা পূর্ব ও পশ্চিমের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে আবার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় আশাবাদ ব্যক্ত করেন।
ঐতিহাসিক তথ্যমতে, ১০৫৪ সালে পশ্চিমা রোমান ক্যাথলিক চার্চের পোপ নবম লিও এবং প্রাচ্যের কনস্ট্যান্টিনোপল চার্চের প্যাট্রিয়ার্ক সেরুলারিয়াস খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে মহাবিভক্তির ঘোষণা দেন। এরপর বহুবার এ দুই সম্প্রদায়ের একীভূতকরণের চেষ্টা হয়েছে, কিন্তু তা সফল হয়নি।