হাজার হাজার পরমাণু অস্ত্র হ্রাস করবে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেশের জন্য নতুন পরমাণু-কৌশল নিচ্ছেন। এ পরিকল্পনার আওতায় স্থায়ীভাবে হাজার হাজার পরমাণু অস্ত্র কমিয়ে আনা হবে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, নতুন এই প্রতিরক্ষা-কৌশল চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস গত সোমবার তাদের এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।পত্রিকাটি বলেছে, প্রেসিডেন্ট ওবামার নতুন এই কৌশল ‘নিউক্লিয়ার পসচার রিভিউ’ নামের একটি দলিলে উল্লেখ রয়েছে। নতুন এই পরমাণু-কৌশল প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার উপস্থাপন করেছেন। এই কৌশল বাস্তবায়িত হলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে নেওয়া অনেক প্রতিরক্ষা-কৌশল বাতিল হয়ে যাবে।সমালোচকেরা প্রেসিডেন্ট ওবামার নতুন এই উদ্যোগকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন। তাঁরা বলেছেন, পরমাণু অস্ত্রের ক্ষেত্রে উত্তর কোরিয়া ও ইরান যখন নতুন করে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র হ্রাসের এ সিদ্ধান্ত হঠকারী।নিউইয়র্ক টাইমস বলেছে, ওবামার অনেক সমর্থক উদ্বেগ প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট ওবামা পরমাণু অস্ত্র হ্রাসের উদ্যোগ নিলেও জীবাণু কিংবা রাসায়নিক হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের চলমান মার্কিন নীতি অনুসরণের পথ খোলা রাখবেন। এমনকি যে দেশ পরমাণু অস্ত্রের মালিক নয়, সেই দেশের বিরুদ্ধেও একই পদক্ষেপ গ্রহণের সুযোগ রাখা হতে পারে। ওবামার সহযোগীরা বলেছেন, এ বিষয়টি নিয়ে ওবামা প্রশাসনে তীব্র বিতর্ক চলছে। তাঁদের ধারণা, শিগগিরই প্রেসিডেন্ট ওবামা এ বিষয়ে একটা সমাধানে পৌঁছাবেন।ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট ওবামার নতুন প্রতিরক্ষা-কৌশলের অনেক অংশ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এতে উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো পরমাণু অস্ত্র তৈরি করবে না।এর আগে ওবামা পরমাণু অস্ত্রের পরিবর্তে ছোট অস্ত্রের ওপর নির্ভরতা নিশ্চিত করতে অস্ত্র কারখানার পেছনে কোটি কোটি ডলার খরচের ঘোষণা দেন।পত্রিকাটি আরও বলেছে, ওবামা প্রশাসনের কর্মকর্তারা ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের স্থাপিত কৌশলগত পরমাণু অস্ত্র প্রত্যাহারের বিষয়ে আলোচনা করছেন। ইউরোপের জার্মানি, ইতালি, বেলজিয়াম, তুরস্ক ও নেদারল্যান্ডসে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।নতুন প্রতিরক্ষা-কৌশলে পরমাণু অস্ত্র ছাড়াই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, পরমাণু অস্ত্রের পরিবর্তে ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার হুমকির বিষয়টি মোকাবিলা করা হবে। এই ক্ষেপণাস্ত্র এক ঘণ্টার মধ্যে যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।নিউইয়র্ক টাইমস বলেছে, নতুন কৌশল অনুযায়ী যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নতুন স্থানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। ক্ষেপণাস্ত্র মোতায়েনের এই স্থানগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে, যাতে রাশিয়া ও চীন জানতে পারে যে এসব ক্ষেপণাস্ত্র পরমাণু শক্তিধর নয়। এএফপি।