হাজারের নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে
ভারতের মহারাষ্ট্র রাজ্যের সরকার সমাজকর্মী আন্না হাজারেকে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। গত শনিবার পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন। এর আওতায় তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। তবে হাজারে বলেন, তাঁর নিরাপত্তাব্যবস্থার দরকার নেই। এদিকে হাজারের অনশন কর্মসূচি ভালোভাবে মোকাবিলা করতে না পারায় ক্ষমতাসীন দল কংগ্রেসের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে এক জনমত জরিপে দেখা গেছে।আহমেদ নগর জেলার পুলিশ সুপার কৃষ্ণ প্রকাশ বলেন, হাজারেকে তিন দিন আগে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।আন্না হাজারে তাঁকে দেওয়া এ নিরাপত্তাব্যবস্থা প্রত্যাখ্যান করেছেন, এ ধরনের খবর সম্পর্কে কৃষ্ণ প্রকাশ বলেন, ‘তিনি নিরাপত্তাব্যবস্থা প্রত্যাখ্যান করেছেন, এটি সত্য নয়। তিনি আমাদের বলেছেন, তাঁর নিরাপত্তাব্যবস্থার দরকার নেই। আন্না আরও বলেছেন, তিনি কখনো কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা চান না। তিনি জনগণের সঙ্গে মিশতে পছন্দ করেন এবং তিনি কোনো হুমকি অনুভব করেননি।’পুলিশ কর্মকর্তা বলেন, এর আগে হাজারের নিরাপত্তার জন্য ছিলেন দুজন। জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার পর সার্বক্ষণিক চারজন নিরাপত্তারক্ষী ও দুজন পিএসও তাঁকে সুরক্ষা দিচ্ছেন। এদিকে হাজারে সাংবাদিকদের বলেন, ‘ভগত সিং ও রাজগুরুর মতো মুক্তিযোদ্ধাদের কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা ছিল না, তাহলে আমার কেন নিরাপত্তা লাগবে?’হাজারে বলেন, কোনো ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়েও মারা যেতে পারেন, এ ক্ষেত্রে কী সুরক্ষা আছে?কঠোর লোকপাল বিলের দাবিতে নয়াদিল্লির রামলীলা ময়দানে ১২ দিন অনশন করেছেন আন্না হাজারে। অনশনের সময় তিনি সাত কেজি ওজন হারিয়েছেন। এদিকে হাজারের দুর্নীতিবিরোধী অনশন কর্মসূচি ভালোভাবে মোকাবিলা করতে না পারায় ক্ষমতাসীন দল কংগ্রেসের জনপ্রিয়তায় ধস নেমেছে। অন্যদিকে জনপ্রিয়তা বেড়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। এক জনমত জরিপের ফলাফলের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।বাজার গবেষণা প্রতিষ্ঠান নেইলসেন ভারতের ২৮টি শহরে নয় হাজার ব্যক্তির ওপর এ জরিপ চালায়। আন্না হাজারের অনশন ভঙ্গের পরপরই এ জরিপ চালানো হয়।জরিপের ফলাফলে দেখা গেছে, কংগ্রেসের প্রতি জনসমর্থন ৩০ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে গেছে। অন্যদিকে বিজেপির জনপ্রিয়তা ২৩ শতাংশ থেকে বেড়ে ৩২ শতাংশ হয়েছে, অর্থাৎ এরই মধ্যে কংগ্রেস এক-তৃতীয়াংশ জনপ্রিয়তা হারিয়েছে।জরিপের ফলাফলে দেখা গেছে, দক্ষিণাঞ্চল ছাড়া সমগ্র ভারতেই বিজেপির জনপ্রিয়তা বেড়েছে। ২০০৭ সালের লোকসভা নির্বাচনে যেসব ভোটার কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তাঁদের মধ্যে ১১ শতাংশ কংগ্রেসের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন। টাইমস অব ইন্ডিয়া।