হাজারো সমর্থক নিয়ে অনশন পালন আন্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের যোগগুরু বাবা রামদেবের দুর্নীতিবিরোধী অনশন কর্মসূচি পণ্ড করে দেওয়া ও দুর্নীতির প্রতিবাদে গতকাল বুধবার অনশন করেছেন সে দেশের প্রখ্যাত সমাজকর্মী আন্না হাজারে। রাজধানী নয়াদিল্লির রাজঘাটে তাঁর হাজার হাজার অনুসারীও ওই অনশনে যোগ দেন।এদিকে যোগগুরু রামদেব তাঁর হাজার হাজার সমর্থককে নিয়ে রক্ষী বাহিনী গড়ে তোলার হুমকি দিয়েছেন।রাজঘাটে আন্না হাজারের অনশনে সুশীল সমাজের প্রতিনিধি স্বামী অগ্নিবেশ, কিরন বেদী, অরবিন্দ কেজরিওয়াল যোগ দেন বলে জানা গেছে। ছুটি নিয়ে অনশনে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী প্রকৌশলী রলি মিশ্র। তিনি বলেন, ‘আন্না হাজারের সঙ্গে একাত্ম হতে আমি এখানে এসেছি। যোগগুরু রামদেবের কর্মসূচি পণ্ড ও তাঁর নিরপরাধ সমর্থকদের সঙ্গে পুলিশ যা করেছে তাতে কষ্ট পেয়েছি আমি।’ আন্না হাজারে দিল্লির যন্তরমন্তর রোডে এ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছিলেন, তবে পুলিশ অনুমতি না দেওয়ায় তিনি রাজঘাটে অনশন করেন। গতকাল সকাল থেকেই আন্না হাজারের অনুসারীরা রাজঘাটে সমবেত হতে থাকেন। তাঁদের মধ্যে মহাত্মা গান্ধীর মতো বেশভূষাধারী এক ব্যক্তি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এ ব্যক্তি গান্ধীর প্রিয় ভজন পরিবেশন করেন। মানবাধিকার কর্মীরা বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচি করতে না দেওয়া সংবিধানে নাগরিকের মৌলিক অধিকারের লঙ্ঘন।গত এপ্রিলে দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন। সরকার তাঁর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তিনি তা প্রত্যাহার করেন। এদিকে, যোগগুরু রামদেব সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তিনি তাঁর অনুসারীদের নিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলবেন। আবারও তিনি বা তাঁর সমর্থকেরা পুলিশের হয়রানির শিকার হলে এই বাহিনী প্রতিরোধ করবে। তিনি তাঁর বাহিনীতে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান। রামদেব বলেন, যারা আমার বাহিনীতে যোগ দেবে, নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে তাদের। তিনি বলেন, আমরা ১১ হাজার নারী-পুরুষ নিয়ে এই বাহিনী গড়ে তুলব। তাদের অস্ত্রের প্রশিক্ষণও দেওয়া হবে। এএফপি।