হাতমোছার বাড়তি রুমাল না দেওয়ায় ম্যাকডোনাল্ড'স-এর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি অতিরিক্ত একটি হাতমোছার রুমাল চেয়ে না পেয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড কোম্পানি ম্যাকডোল্ড’স-এর বিরুদ্ধে ১৫ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন।

ওই ব্যক্তির নাম ওয়েবস্টার লোকাস। তিনি ক্যালিফোর্নিয়ার প্যাকোইমাতে ম্যাকডোনাল্ড’স-এর একটি শাখায় খেতে যাওয়ার পর কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর খবরে বলা হয়, লুকাস বলেছেন, হাত মুছতে একটি মাত্র রুমাল দেওয়ায় মানসিকভাবে তিনি প্রচণ্ড আহত হন। প্রয়োজনবশত তিনি আরেকটি রুমাল চেয়েছিলেন। কিন্তু ব্যবস্থাপক তাঁকে তা না দিয়ে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণ করেন। এতে তাঁর মানসিক সমস্যা হচ্ছে এবং এ কারণে তিনি কাজ করতে পারছেন না।
লুকাস জানান, গত ২৯ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার প্যাকোইমাতে ম্যাকডোনাল্ড’স-এর একটি শাখায় খেতে যাওয়ার পর তাঁকে খাবার টেবিলে একটি রুমাল দেওয়া হয়। পরে তিনি ম্যাকডোনাল্ড’স-এর ওই শাখার ব্যবস্থাপকের কাছে আরেকটি রুমাল চান। কিন্তু ব্যবস্থাপক সেটি দিতে রাজি হননি।
আফ্রো-আমেরিকান লোকাস অভিযোগ করেন, মেক্সিকান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ওই ব্যবস্থাপক তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণ করেছেন। তিনি ওই ঘটনার পর ম্যাক ডোনাল্ড’সকে কয়েকবার ই-মেইল করে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।
ক্যালিফোর্নিয়াভিত্তিক সংবাদ সংস্থা টিএমজেড জানায়, মামলার পর ম্যাকডোনাল্ড’স লুকাসকে বিনা মূল্যে বার্গার দেওয়ার প্রস্তাব দেয়। তবে ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ ডলারই চেয়েছেন তিনি।