হাতির ভাঙা দাঁতে সফল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতির ভাঙা দাঁতে অস্ত্রোপচার করে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন ভারতের একদল দন্ত্যচিকিৎসক। দেশটিতে এ ধরনের চিকিৎসা এটাই প্রথম।কর্মকর্তারা জানান, দেবীদাসান নামের ২৭ বছরের একটি হাতির দাঁত ভেঙে এতে অন্তত ৫০ সেন্টিমিটার লম্বা ও চার সেন্টিমিটার গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল। ভাঙা দাঁত নিয়ে যন্ত্রণায় ভুগছিল হাতিটি। সম্প্রতি কেরালার একদল দন্ত্যচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভাঙা দাঁতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন।চিকিৎসকদলের এক সদস্য সি ভি প্রদীপ জানান, অস্ত্রোপচারের সময় হাতির তরফ থেকে সহযোগিতা ছিল অসাধারণ। তিনি বলেন, হাতিটির ভাঙা দাঁত পরীক্ষা করে দেখা গেছে, মানুষের ভাঙা দাঁতের চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করেই এই দাঁতেরও চিকিৎসা করা সম্ভব।সি ভি প্রদীপ আরও জানান, হাতির দাঁতের অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যতিক্রমী কিছু সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। দাঁতের ভাঙা অংশ জোড়া লাগাতে ব্যবহার করা হয়েছে ৪৭ টিউব আঠা। অস্ত্রোপচারে সময় লেগেছে আড়াই ঘণ্টা। তিনি বলেন, ‘মানুষ ও হাতির দাঁতের চিকিৎসাপদ্ধতির মধ্যে প্রধান পার্থক্য হলো, হাতির দাঁতটির এক্স-রে করা যায়নি। আমাদের ভ্রাম্যমাণ এক্স-রে যন্ত্রটি হাতির তুলনায় আকারে ছোট হওয়ায় কাজটি করা সম্ভব হয়নি।’সি ভি প্রদীপ আরও বলেন, ভাঙা দাঁত জোড়া না লাগালে হাতিটির আরও ক্ষতি হতে পারত। ভাঙা অংশ দিয়ে দাঁতের ভেতরে ময়লা ঢুকে মারাত্মক সংক্রমণ হওয়ার আশঙ্কা ছিল। তিনি জানান, দাঁতের এই জোড়া কত দিন টিকে থাকে তা বলা মুশকিল। কারণ, এর আগে এ ধরনের চিকিৎসা আর হয়নি। তবে বছর কয়েক যে টিকবে, সে ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যায়। বিবিসি অনলাইন।