জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি রেখে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ইয়োকিয়ো হাতোইয়ামার সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।চীন সফররত হিলারি গতকাল সোমবার বেইজিংয়ে বলেন, ‘আমি জানি, এই সিদ্ধান্ত নেওয়া হাতোইয়ামার জন্য কতটা কঠিন ছিল। এমন সাহস দেখানোর জন্য তাঁকে ধন্যবাদ জানাই। তিনি অঙ্গীকার রক্ষা করেছেন।’গত বছর নির্বাচনী প্রচার চালানোর সময় হাতোইয়ামা প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে এ বছরের মে মাসের মধ্যে ওই দ্বীপ থেকে মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তর করবেন। কিন্তু সম্প্রতি ওই প্রতিশ্রুতি থেকে সরে আসেন হাতোইয়ামা। এ জন্য তিনি গত রোববার ওকিনাওয়ার জনগণের কাছে দুঃখ প্রকাশও করেন। জাপানে অবস্থানরত মোট মার্কিন সেনার মধ্যে অর্ধেকেরও বেশি (৪৭ হাজার) রয়েছে ওকিনাওয়া দ্বীপের ঘাঁটিতে। ভয়াবহ শব্দ, পরিবেশদূষণ ও দুর্ঘটনাসহ নানা কারণে এই ঘাঁটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। এএফপি।