হাফিজ সাইদকে ধরিয়ে দিলে এক কোটি ডলার পুরস্কার
পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে ধরিয়ে দিতে এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সাইদ বর্তমানে জামাত-উদ-দাওয়া গোষ্ঠীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গোষ্ঠীটিও লস্কর-ই-তাইয়েবার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হয়। মুম্বাই হামলার পর পাকিস্তানে সাইদকে গ্রেপ্তার করা হলেও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। পরে আদালতের নির্দেশে তাঁকে ছেড়ে দেওয়া হয়।যুক্তরাষ্ট্র সাইদের পাশাপাশি আবদুল রেহমান মাক্কিকে ধরিয়ে দিতে ২০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। রেহমান লস্কর-ই-তাইয়েবার সহপ্রতিষ্ঠাতা ও সাইদের শ্যালক। লস্কর-ই-তাইয়েবা ও জামাত-উদ-দাওয়া—দুটিই যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সংগঠন। মার্কিন কর্মকর্তারা জানান, এ দুই ব্যক্তিকে ধরিয়ে দিলে বা তাঁদের ধরিয়ে দেওয়ার মতো তথ্য দিতে পারলে এ পুরস্কার দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সাইদকে পাকিস্তানের নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। শারীরিক বর্ণনা দিতে গিয়ে তাঁর চুলের রং লাল ও চোখ বাদামি বলে উল্লেখ করা হয়। ওয়েবসাইটে আরও বলা হয়, ‘সাইদ আরবি ও প্রকৌশল বিষয়ের সাবেক অধ্যাপক এবং জামাত-উদ-দাওয়ার প্রতিষ্ঠাতা সদস্য। এ সংগঠন ভারত ও পাকিস্তানের বিভিন্ন অংশে ইসলামি শাসন প্রতিষ্ঠা করতে চায়। আর এ সংগঠনের সামরিক শাখা হলো লস্কর-ই-তাইয়েবা।’যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ঘোষণা মুম্বাই হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র ও ভারতের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।সাইদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, সাইদ এখন পাকিস্তানে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি সব কার্যক্রম পরিচালনা করছেন। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী এক বিক্ষোভেও তাঁকে দেখা গেছে। বিবিসি।