হাফিজ সাঈদ নিয়ে এখনো অনমনীয় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন জামায়াত উদ দাওয়ার প্রধান হাফিজ সাঈদ সম্পর্কে ইসলামাবাদের অভিমত এখনো অপরিবর্তিত। পাকিস্তান এখনো মনে করে, তাঁর বিরুদ্ধে ভারত যত অভিযোগই করুক না কেন, তাঁর দুষ্কর্মের অকাট্ট প্রমাণ ভারত এখনো পাকিস্তানকে দিতে পারেনি।
গতকাল শুক্রবার নয়াদিল্লিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বশিত তাঁর দেশের মনোভাব তুলে ধরেন। হাফিজ সাঈদের সঙ্গে ভারতীয় সাংবাদিক বেদ প্রতাপ বৈদিকের বিতর্কিত বৈঠক সম্পর্কে পাকিস্তান সরকারের কিছুই জানা ছিল না জানিয়ে আবদুল বশিত বলেন, ‘কাউকে খুশি করার জন্য আমরা হাফিজ সাঈদকে জেলে ঢোকাতে পারি না।’
হাফিজ সাঈদের সঙ্গে বেদ প্রতাপ বৈদিকের বৈঠককে কেন্দ্র করে ভারতের রাজনীতি গত কয়েক দিন ধরে খুবই চনমনে। কংগ্রেস এই নিয়ে বিজেপিকে কোণঠাসা করতে চেয়েছে। সরকারের পক্ষ থেকে আবার বলা হয়েছে, ওই বৈঠকের ব্যাপারে তাদের কোনো হাত ছিল না। সরকার জানতও না। বৈদিকের সঙ্গে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) যোগসাজশ সর্বজনবিদিত। আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বৈদিককে সমর্থন করে বলেছেন, তিনি জাতীয়তাবাদী, তিনি সাংবাদিক। একজন সাংবাদিকের অধিকার আছে সবার সঙ্গে দেখা করার। পাকিস্তানি হাইকমিশনার আবদুল বশিত শুক্রবার এ প্রসঙ্গে যা বলেছেন, পাকিস্তানের সরকার এই বৈঠক নিয়ে কিছুই জানত না। ভারত সরকারেরও ছিল অজানা।
জামায়াত উদ দাওয়া নেতা লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধে ভারতের অভিযোগ, তিনিই ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী। তাঁর বিরুদ্ধে বহু প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেওয়া সত্ত্বেও সে দেশের সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজও নেয়নি।