হাফিজ সাঈদকে গ্রেপ্তারের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, মুম্বাইয়ে ২০০৮ সালের ভয়াবহ বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযোগ ওঠা হাফিজ সাঈদকে গ্রেপ্তারের জন্য যথেষ্ট প্রমাণ নেই। আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি পাকিস্তানে নেই বলেও তিনি বিশ্বাস করেন বলে জানান।প্রধানমন্ত্রী গিলানি বলেন, যদি তাঁকে (হাফিজ সাঈদ) গ্রেপ্তার করা হয়, তবে এর অর্থ হবে তাঁকে আদালতের মাধ্যমে ছেড়ে দেওয়া। কেননা, আদালতে এ বিষয়ে আরও প্রমাণ উপস্থাপনের দরকার। তিনি বলেন, ‘আপনারা জানেন, পাকিস্তানের বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন।’হাফিজ পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার নেপথ্যে তিনি ছিলেন বলে অভিযোগ করা হয়। পাকিস্তানি ১০ জঙ্গির সমন্বয়ে পরিচালিত ওই হামলায় বিদেশিসহ ১৬৬ জন নিহত হন।গত মাসে যুক্তরাষ্ট্রের ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় হাফিজকে ধরিয়ে দিতে এক কোটি ও আরেক জঙ্গি নেতা হাফিজ আবদুর রহমান মাক্কির জন্য ২০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়। চলতি মাসের শুরুতে তিন দিনের ভারত সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেন, হাফিজকে ধরিয়ে দিতে তিনি পুরস্কার হিসেবে ঘোষিত ওই অর্থের অনুমোদন দিয়েছেন।হিলারি বলেন, ‘তাঁকে ধরতে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। তবে, আমরা আপনাদের পাশে থাকব এবং তাঁকে ধরায় চেষ্টা অব্যাহত থাকবে।’ তিনি আল-কায়েদার প্রধান জাওয়াহিরি পাকিস্তানে লুকিয়ে আছেন বলেও দাবি করেন।হিলারির ওই দাবি নাকচ করে গিলানি বলেন, মিসরীয় বংশোদ্ভূত আল-কায়েদার নেতা জাওয়াহিরি তাঁর দেশে নেই। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ‘আমি কেন চিন্তা করতে যাব, তিনি (জাওয়াহিরি) পাকিস্তানে আছেন’—এমন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। জাওয়াহিরি যদি পাকিস্তানে থাকেন, তবে সে ব্যাপারে তথ্য দেওয়ারও আহ্বান জানান তিনি। টাইমস অব ইন্ডিয়া।