হাবল টেলিস্কোপের ২০ বছর পূর্তি
যে যন্ত্রের সাহায্যে মানুষ কোটি কোটি কিলোমিটার দূরের নক্ষত্রের স্পষ্ট ছবি হাতে পেয়েছে, যে যন্ত্রের কল্যাণে মহাকাশবিজ্ঞানে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে, সেই হাবল টেলিস্কোপ মহাশূন্যে পাঠানোর ২০ বছর গতকাল রোববার পূর্ণ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশবিজ্ঞানীরা দিনটি উদ্যাপন করেছেন। ১৯৯০ সালের ২৪ এপ্রিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা হাবল টেলিস্কোপকে মহাকাশযান ডিসকভারির সাহায্যে মহাশূণ্যে পাঠায়। এর পরদিন অর্থাৎ ২৫ এপ্রিল টেলিস্কোপটিকে পৃথিবী থেকে ৫৭০ কিলোমিটার দূরবর্তী কক্ষপথে প্রতিস্থাপন করা হয়। সেই থেকে হাবল একটানা ঘুরে ঘুরে গ্রহ-নক্ষত্রসহ মহাকাশের অসংখ্য জানা-অজানা বস্তুর ছবি তুলে পাঠাচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, এ পর্যন্ত তাঁরা হাবল টেলিস্কোপের তোলা ৩০ হাজারের বেশি ছবি পেয়েছেন।বিজ্ঞানীরা বলেছেন, বহু দূরের ছায়াপথ ও নক্ষত্রের জন্ম-মৃত্যুর দৃশ্য প্রত্যক্ষ করার দুর্লভ সুযোগ সৃষ্টি করে দিয়েছে হাবল। হাবলের পাঠানো ছবি ও নানা ধরনের তথ্যের ওপর ভিত্তি করেই বিজ্ঞানীরা মহাবিশ্বের আনুমানিক বয়স এক হাজার ৩৭০ কোটি বছর নির্ধারণ করেছেন।নাসার সায়েন্স মিশন ডাইরেক্টরেটের সহযোগী প্রশাসক এড উইলার বলেছেন, বিজ্ঞানের ইতিহাসে হাবল সন্দেহাতীতভাবেই একটি ব্যাপক পরিচিত ও সফল বৈজ্ঞানিক প্রকল্প।বিশেষজ্ঞরা বলেন, পৃথিবী থেকে যেকোনো টেলিস্কোপ দিয়ে তোলা ছবির চেয়ে হাবলের ছবি কমপক্ষে দশ গুণ স্পষ্ট ও পরিষ্কার। ভূপরিমণ্ডলের বাইরে এ টেলিস্কোপ স্থাপন করার ফলে এত স্বচ্ছ ছবি পাওয়া সম্ভব হয়।হাবল টেলিস্কোপের যান্ত্রিক ত্রুটি ঠিক করে মহাশূন্য থেকে ফিরে আসা বিজ্ঞানী জন গ্রান্সফেল্ড বলেছেন, ‘হাবলের ওপর চোখ রাখলে মহাশূণ্য এত স্পষ্টভাবে ধরা দেয়, যাতে মনে হয় আমরা সশরীরেই মহাবিশ্ব পরিভ্রমণ করছি।’হাবলের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার হলো কারিনা নেব্যুলা। এটি ধুলা, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস ও প্লাজমার সমন্বয়ে সৃষ্ট এক জাতীয় মহাজাগতিক মেঘ। পৃথিবী থেকে সাড়ে ছয় হাজার আলোকবর্ষ দূরে (এক আলোক বর্ষ = সাড়ে নয় ট্রিলিয়ন কিলোমিটার) অবস্থিত ওই কারিনা নেব্যুলার ছবি তুলে হাবল এক নতুন ইতিহাসের জন্ম দেয়। এএফপি।