হাভানার বাইরে দেখা গেল ফিদেল কাস্ত্রোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার বর্ষীয়ান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো গত শনিবার আবারও জনসমক্ষে এসেছেন। রাজধানী হাভানার বাইরে একটি অনুষ্ঠানে চিরচেনা সেই জলপাই রঙের সামরিক পোশাকে হাজির হয়েছিলেন তিনি। দেশটির সরকারি ওয়েসাইটে প্রকাশিত ছবিতে এ দৃশ্য দেখা গেছে।হাভানা থেকে ৬০ কিলোমিটার দূরে আর্তেমিসা শহরে গিয়েছিলেন ফিদেল কাস্ত্রো। ১৯৫৩ সালের ২৬ জুলাই এক হামলায় আর্তেমিসার বহু লোকের প্রাণহানি ঘটেছিল। সেই নিহতদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন কাস্ত্রো।অনুষ্ঠানে ফিদেল কাস্ত্রো পরমাণুযুদ্ধের ভয়াবহতার ব্যাপারে সতর্ক করে বলেছেন, ‘মানবতার বিরুদ্ধে চরম বিপদ আসতে যাচ্ছে।’ তিনি বলেন, ‘কেউই আমাদের স্বপ্ন দেখার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। কেননা মানবজাতি কঠিন সময়েও টিকে থাকতে পারে। অদূরভবিষ্যতে সেই কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছি আমরা।’ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কাস্ত্রোর পোশাকে সামরিক পদমর্যাদার তারকাসংবলিত কোনো ব্যাজ ছিল না, যা তিনি ৪৯ বছর ধরে ব্যবহার করেছেন। ২০০৬ সালের জুলাইয়ে অসুস্থ হওয়ার পর থেকে লোকচক্ষুর অন্তরালে চলে যান কাস্ত্রো। এরপর বিভিন্ন সময়ে তাঁর বক্তব্য প্রকাশিত হলেও কখনো জনসমক্ষে আসেননি। দুই সপ্তাহ আগে তাঁকে প্রথমবারের মতো দেখতে পান দেশবাসী। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ফিদেল কাস্ত্রো। এরপর জাতীয় পরিষদের অনুমোদন সাপেক্ষে ক্ষমতা গ্রহণ করেন তাঁর ভাই রাউল কাস্ত্রো। সম্প্রতি বেশ কিছু লেখায় ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, পৃথিবীতে পরমাণুযুদ্ধ আসন্ন। পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কের জের ধরে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ আরোপের পাঁয়তারা চালিয়ে ইসরায়েলের সহযোগিতায় যুক্তরাষ্ট্র এ যুদ্ধের পথ তৈরি করেছে। বিবিসি।