হামজাকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের নির্দেশ ব্রিটিশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও কট্টরপন্থী ধর্মীয় নেতা আবু হামজা আল-মাসরিসহ পাঁচজন সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের রায় দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট।আবু হামজা, বাবর আহমদ, সৈয়দ তালহা আহসান, আবদেল আবদুল বারি ও খালেদ আল-ফাওয়াজকে যুক্তরাষ্ট্রে না পাঠানোর দাবির পক্ষে জোরালো তথ্য-প্রমাণ খতিয়ে দেখার পর গতকাল শুক্রবার আদালত ওই রায় দেন। তাঁদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে পাঠানো হলে তাঁরা ন্যায়বিচার পাবেন না। এ জন্য তাঁরা সে দেশে না পাঠানোর জন্য ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটসের (ইসিএইচআর) কাছে আবেদন করেন। কিন্তু এসিএইচআর গত সপ্তাহে ওই আবেদন খারিজ করে দেন। এর পর সাময়িকভাবে তাঁদের প্রত্যর্পণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানায়, যত দ্রুত সম্ভব ওই পাঁচজনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এরই মধ্যে দুটি মার্কিন জেট বিমান পূর্ব লন্ডনে অবতরণ করেছে। এর মধ্যে একটি মার্কিন বিচার মন্ত্রণালয়ের বিমান। গত বুধবার শুনানি চলাকালে অসুস্থতার কারণে হামজাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে বিলম্ব করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন বিচারক।জবাবে হামজার আইনজীবীরা জানান, আট বছর কারাগারে থাকার সময় অনেক রাত ঘুমাতে পারেননি হামজা। তাঁর মানসিক অবস্থার অবনতি হয়েছে। এই অবস্থায় তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো উচিত হবে না।বিচারক বলেন, হামজাকে যুক্তরাষ্ট্রেও চিকিৎসা দেওয়া যেতে পারে। যত শিগগির হামজা বিচারের মুখোমুখি হবেন, ততই তাঁর জন্য মঙ্গল।হামজার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা এবং ইয়েমেনে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে জিম্মি করতে সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। বিবিসি।