হামলা অব্যাহত রাখার ডাক জাওয়াহিরির
আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অন্যান্য দেশে হামলা চালিয়ে যাওয়ার জন্য সেখানকার মুসলিম তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া জঙ্গিদের মধ্যে বৃহত্তর ঐক্য স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর ওই অডিও বার্তা গতকাল রোববার ইন্টারনেটে প্রকাশ করা হয়। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথন এবং ফ্রান্সের শার্লি এবদো কার্যালয়ে হামলাকারী তরুণ-যুবকদের দৃষ্টান্ত অনুসরণ করার জন্য জঙ্গিদের প্রতি আহ্বান জানান জাওয়াহিরি। একাকী হামলা চালানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর ওই বক্তব্য কবে রেকর্ড করা হয়, তা স্পষ্ট নয়।
সাবেক মিসরীয় চিকিৎসক জাওয়াহিরি সিরিয়া ও ইরাকে জঙ্গিদের বিভিন্ন সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। ওই অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে পশ্চিমা নেতৃত্বাধীন জোট বাহিনী বোমা হামলা চালাচ্ছে।
জঙ্গিদের মধ্যে বিভেদ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন শরিয়া আদালত গঠনেরও পরামর্শ দিয়েছেন আল-কায়েদার নেতা।