ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক পারমাণবিক সক্ষমতা অর্জনে ইরানের অগ্রগতির ঘোষণাকে অতিরঞ্জন দাবি করে বলেছেন, সম্ভাব্য হামলা থেকে নিজেদের বাঁচাতেই ইরান এ ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের রাষ্ট্রীয় বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে এহুদ বারাক এ ঘোষণা দেন। তিনি বলেন, গর্ব করার মতো কোনো কিছু অর্জন করেনি ইরান। তবে তিনি স্বীকার করেন, ইরান পরমাণু কর্মসূচিতে অগ্রগতির দিকেই যাচ্ছে। ওয়াশিংটনও ইরানের এ অর্জনকে বড় কিছু ভাবতে নারাজ। দীর্ঘদিন ধরে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র।কিন্তু বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পরমাণু কর্মসূচিতে বড় ধরনের অগ্রগতির ঘোষণা সম্প্রচার করা হলেও মার্কিন প্রশাসন বিষয়টিকে ‘কৃত্রিমভাবে উত্তেজনা সৃষ্টির প্রয়াস’ এবং ‘বড় কোনো খবর নয়’ বলে মন্তব্য করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, প্রকৃত অর্থে ইরান লক্ষ্য অর্জন থেকে এখনো বহু দূরে।তবে ইরানের মিত্র দেশ হিসেবে পরিচিত রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘ইরান প্রকৃতপক্ষেই পরমাণু কর্মসূচিতে অগ্রগতি অর্জন করেছে।’এর আগে গত বুধবার ইরান ঘোষণা দিয়েছে, প্রথমবারের মতো দেশটি নিজেদের উৎপাদিত পরমাণু জ্বালানি পারমাণবিক চুল্লিতে ব্যবহার করতে সক্ষম হয়েছে। এ ছাড়া দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে আরও তিন হাজার সেন্ট্রিফিউজ যোগ করা হয়েছে।এদিকে গতকাল ইরান পরাশক্তিগুলোর সঙ্গে নতুন করে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ মাহমুদ রেজা সাজ্জাদি বলেন, ‘কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই তেহরান পরাশক্তিগুলোর সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে।’ এর আগে বুধবার পরমাণু কর্মসূচি নিয়ে গঠনমূলক আলোচনায় ইরান নিজেদের আগ্রহের বিষয়টি জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টনের কাছে চিঠি পাঠিয়েছে।এ প্রসঙ্গে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেন, ‘আমরা সব সময়ই আলোচনাকে স্বাগত জানাই।’সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়। তুরস্কে অনুষ্ঠিত ওই অলোচনায় জার্মানিও অংশ নেয়। তবে মাঝপথেই আলোচনা ভেস্তে যায়।গত মাসে তেহরান সফর করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আগামী সোমবার ওই প্রতিনিধিদলের আবার তেহরান সফর করার কথা রয়েছে। এএফপি, রয়টার্স ও বিবিসি।