হামলা বন্ধে সিরীয় সরকারের দাবি প্রত্যাখ্যান বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা বন্ধের নিশ্চয়তা চাওয়াসংক্রান্ত সিরিয়া সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। প্রস্তাবিত অস্ত্রবিরতি কার্যকর করার ৪৮ ঘণ্টা আগে সরকার ওই দাবি তোলে। এ নিয়ে পুরো শান্তি পরিকল্পনা ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিরিয়ায় হামলা বন্ধে গত রোববার বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে লিখিত অঙ্গীকার চেয়েছিল দেশটির সরকার। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কোনো তহবিল না দিতে অন্য রাষ্ট্রগুলোর কাছ থেকেও মৌখিক প্রতিশ্রুতি চাওয়া হয়। সরকারবিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নতুন এ দাবি শান্তি পরিকল্পনাকে নস্যাৎ করার কূটচাল। জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত কফি আনানের প্রস্তাবিত অস্ত্রবিরতি কার্যকরের সময় যতই ঘনিয়ে আসছে, সিরিয়ায় সহিংসতার মাত্রা ততই বাড়ছে। মানবাধিকারকর্মীরা রোববার ৭০ জনের মৃত্যুর খবর দিয়েছেন। এ ছাড়া গতকাল সোমবার আলেপ্পো প্রদেশসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে সিরীয় সেনাবাহিনীর ১২ জন সদস্য নিহত হয়েছে বলে খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ার বিদ্রোহী কমান্ডাররা বলেছেন, কফি আনানের প্রস্তাবিত অস্ত্রবিরতি তাঁরা মেনে চলবেন। তবে তাঁরা দামেস্কের সঙ্গে সরাসরি কোনো চুক্তি করবেন না। কেননা, সরকারি সেনারা হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে। দ্য ফ্রি সিরিয়ান আর্মির কর্নেল রিয়াদ আল-আসাদ বলেন, ‘এই (সিরীয়) সরকারের কাছে নয়, আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চয়তা ও প্রতিশ্রুতি আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে উপস্থাপন করব।’ সিরিয়ার বিভিন্ন শহর থেকে সরকারি সেনা ও ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার করে নেওয়ার মাধ্যমে আজ মঙ্গলবার থেকে ওই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা। তবে ওই সময়সীমা শেষ হওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে রোববার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সত্যি বলতে, ১০ এপ্রিলের মধ্যে সব শহর থেকে সরকারি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে, এ ধরনের তথ্য সঠিক নয়। ‘সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো’ সব ধরনের সহিংসতা বন্ধ করবে মর্মে কফি আনান এখনো কোনো নিশ্চয়তা দেননি। এ ছাড়া কাতার, সৌদি আরব ও তুরস্ক সরকার ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোকে অর্থ দেওয়া বন্ধ করবে, সে বিষয়ে লিখিত নিশ্চয়তা পাওয়ার জন্যও তারা অপেক্ষা করছে বলেও বিবৃতিতে জানানো হয়।উদ্ভূত পরিস্থিতিতে কফি আনান সিরিয়াকে তার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে আহ্বান জানিয়েছেন। কফি আনানের আজ তুরস্ক সীমান্তে সিরীয় উদ্বাস্তুশিবির পরিদর্শনে যাওয়ার কথা। তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানায়, ইরান সফরে যাওয়ার আগে আনানের এ পরিদর্শন মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হবে। এএফপি ও বিবিসি।