হামলা হলে উত্তর কোরিয়াকে সমুচিত জবাব দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার আগ্রাসী আচরণের কঠোর জবাব দেবে তারা। তাদের ওপর হামলা চালানো হলে, এর সমুচিত জবাব দেবে সিউল। গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এ প্রত্যয় ব্যক্ত করেন প্রেসিডেন্ট পার্ক জিউন হাই। দুই কোরিয়ার বিরোধকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক এ সময়ই পার্ক এই প্রত্যয় ব্যক্ত করলেন।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট পার্ক বলেন, পিয়ংইয়ংয়ের পর পর দেওয়া হামলার হুমকিকে তিনি ‘খুব গুরুত্বের’ সঙ্গে দেখছেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া এবং জনগণের বিরুদ্ধে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেই রাজনৈতিক কোনো বিবেচনা ব্যতিরেকেই কঠোরভাবে তাঁর জবাব দেওয়া হবে।এদিকে জিউন পার্কের এই কঠোর অবস্থানের মধ্যেই রাডার ফাঁকি দিতে সক্ষম উন্নত প্রযুক্তির মার্কিন এফ-২২ স্টিলথ বিমান দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি ‘ওশান এয়ার বেজ’-এ মোতায়েন হয়েছে বলে গত রোববার এক বিবৃতিতে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।উত্তর কোরিয়ার হামলার হুমকি মোকাবিলায় ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এ স্টিলথ বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এ বিমান মোতায়েনের আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার আকাশে বি-২ স্টিলথ বোমারু বিমান ওড়ায়।উত্তর কোরিয়া জাপানের মার্কিন ঘাঁটিসহ প্রশান্ত মহাসাগরীয় গুয়াম দ্বীপের মার্কিন ঘাঁটিগুলোতে হামলার হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান উড়িয়ে সামরিক শক্তি প্রদর্শনের মহড়া দেয়।পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর জের ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া।মার্চের প্রথম থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী নিয়মিত যৌথ সামরিক মহড়া শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোয় হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। হুমকির পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায়ও রেখেছে তারা। গত শনিবার পিয়ংইয়ং ঘোষণা দেয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক এখন ‘যুদ্ধাবস্থার’ দিকে গড়াচ্ছে। ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধ কোনো শান্তিচুক্তি ছাড়াই শুধু অস্ত্রবিরতির মাধ্যমে স্থগিত করা হয়েছিল, তাই পরোক্ষভাবে দুই কোরিয়া সব সময় যুদ্ধাবস্থায়ই আছে। তবে ওই সমঝোতা এখন আর কার্যকর নয় বলে গত মার্চের প্রথম দিকে ঘোষণা করেছে উত্তর কোরিয়া। বিবিসি ও রয়টার্স।