হামলা হলে সিরিয়া যা করতে পারে
রাসায়নিক অস্ত্র ব্যবহারের শাস্তি হিসেবে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সিরিয়া জোরালোভাবে আত্মরক্ষার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছে। প্রশ্ন ওঠে, পাশ্চাত্যের হামলার জবাবে সিরিয়া কী করতে পারে? যে ধরনের হামলার পরিকল্পনা হচ্ছে, তা থেকে দামেস্ক কত দূর পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারবে? পাল্টা জবাব দিতেই বা কী পদক্ষেপ নেবে তারা?১. সিরিয়ার প্রতিরক্ষাব্যবস্থাসিরিয়ায় যে ধরনের হামলা চালানো হতে পারে বলে জানা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে যুক্তরাজ্য ও ফ্রান্স সম্ভবত এই হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। হামলায় টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। এগুলো যুদ্ধজাহাজ বা ডুবোজাহাজ (সাবমেরিন) থেকে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ছোড়া হতে পারে। স্থির ডানার বিমানও ব্যবহার করা হতে পারে। সেগুলোতেও এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা সিরিয়ার আকাশসীমার অনেক দূর থেকে নিক্ষেপ করা যাবে। এটা করা হলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর পক্ষে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করা অনেক কঠিন হয়ে পড়বে।সিরিয়ার বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে উচ্চমাত্রার সক্ষম বলে ভাবা হয়। সোভিয়েত আমলে রাশিয়ার সরবরাহ করা এস-২০০ বা এসএ-৫ গ্যামনও রয়েছে এই প্রতিরক্ষাসামগ্রীর মধ্যে। পাশাপাশি এসএ-২২ এবং এসএ-১৭-এর মতো অতি সাম্প্রতিক রুশ প্রতিরক্ষা সামগ্রীও রয়েছে সিরিয়ার। এ ছাড়া চীনের সরবরাহকৃত বেশ কিছু অত্যাধুনিক রাডার-ব্যবস্থাও মোতায়েন করেছে দেশটি। কিছু ক্ষেপণাস্ত্র ও রাডারসজ্জিত এলাকা সরকারবিরোধী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় সিরিয়ার রাডার-ব্যবস্থার কার্যকারিতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা এখনো নির্ভরযোগ্য। সিরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো শত্রুবিমানকে ভূপাতিত করতে সক্ষম। তবে পশ্চিমা যুদ্ধবিমানের পাইলটদের হাতে এমন পরিস্থিতি এড়ানোর অনেক কৌশল ও প্রযুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বড় ভয় হতে পারত রাশিয়ার এস-৩০০ প্রতিরক্ষাব্যবস্থা। তবে অত্যাধুনিক এই ব্যবস্থা দেশটি এখনো পায়নি বা পেলেও কার্যকর অবস্থায় নেই বলে মনে করা হচ্ছে।বিমান প্রতিরক্ষাব্যবস্থার পাশাপাশি মার্কিনসহ পশ্চিমা নৌবাহিনীর বিরুদ্ধে সিরিয়া তার উপকূলভিত্তিক জাহাজ-বিধ্বংসী অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, সিরিয়া রাশিয়ার সরবরাহকৃত জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ইয়াকনট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। তবে পশ্চিমারা যে অবস্থানে থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র ছুড়বে, তা সিরিয়ার ওই ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে।২. সিরিয়ার পাল্টা জবাবের উপায়গুলোহামলা প্রতিহত করতে সিরিয়া যদি খুব বেশি কিছু না করতে পারে, তখন দেশটি কীভাবে পাল্টা হামলার ব্যবস্থা নিতে পারে?বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান: একটি বিকল্প হচ্ছে সরকারবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করা। এভাবে কিছু দৃশ্যমান বিজয় অর্জনের মাধ্যমে সরকারি বাহিনীর মনোবল বাড়ানোর চেষ্টা করতে পারেন বাশার। এর মাধ্যমে পশ্চিমাদের এই বার্তাও দেওয়া যাবে যে সিরিয়ার সরকার এখনো অকুতোভয়। সংঘাত ছড়িয়ে দেওয়া: আরেকটি বিকল্প হচ্ছে প্রতিবেশী জর্ডানে মার্কিন ঘাঁটিতে ও তুরস্কে আঘাত হানার মাধ্যমে সংঘাতের বিস্তৃতি ঘটানো। এমনকি ইসরায়েলের ভেতরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। তবে এ ক্ষেত্রে সিরিয়ার জন্য বড় ঝুঁকি রয়েছে। তুরস্ক নিজেকে রক্ষায় ভালোভাবেই সমর্থ। জর্ডানে মার্কিন বাহিনীর ক্ষেত্রেও একই কথা। উভয়েরই আত্মরক্ষার জন্য অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা রয়েছে। ইসরায়েলের ওপরও হামলার সম্ভাবনা ক্ষীণ।ইসরায়েল এই সংঘাতে যুক্ত হলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। কারণ, তখন সিরিয়ার মিত্র সংগঠন লেবাননের হিজবুল্লাহও এতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েল পরিস্থিতি মোকাবিলায় ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা মোতায়েন করবে। মোটকথা, এটাকে আঞ্চলিক সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা দামেস্ক বা তার মিত্র দেশ ইরানের স্বার্থের জন্য ভালো হবে না।ছায়াযুদ্ধ: বিদেশে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা স্বার্থে আঘাত হানতে সিরিয়া হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে ইরান বর্তমানে যেখানে তার বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে নতুন নীতির দিকে এগোচ্ছে, সেখানে তারা এখন হিজবুল্লাহকে এই পথে যেতে হয়তো উৎসাহী না-ও করতে পারে।হিজবুল্লাহর প্রেসিডেন্ট বাশারের পক্ষ নিয়ে নিজেই এখন প্রতিকূল পরিবেশের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে সংগঠনটি এতটা সমস্যার মধ্যে রয়েছে যে তারা নিজেদের শক্তি ব্যয় না করার দিকেই মনোযোগী হতে পারে। বিবিসি।