নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মুবি শহরে হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিদের খোঁজে গতকাল বুধবার ঘরে ঘরে তল্লাশি চালায় সেনাবাহিনী। এ ঘটনার তদন্ত চলছে। ফেডারেল পলিটেকনিকের মুবি ক্যাম্পাসে একটি ছাত্রাবাসে গত মঙ্গলবার অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই হত্যাযজ্ঞ চালায়। প্রাথমিকভাবে গুলি করে ২০ ছাত্রকে হত্যার তথ্য পাওয়া যায়। তবে গতকাল পুলিশের পক্ষ থেকে বলা হয়, ২৬ জনকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের অধিকাংশই ছাত্র। একজন শিক্ষকের দাবি, এ সংখ্যা ৪০।কারা এই হামলা চালিয়েছে, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে সাম্প্রতিক সময়ে একটি ছাত্রসংগঠনের নির্বাচনের বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মুসলিম জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে গোষ্ঠীটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাইজেরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বোকো হারাম। এ বছর দেশটির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে জঙ্গি হামলায় সহস্রাধিক লোক নিহত হয়েছে। বিবিসি ও এএফপি।