হামলার আগে আবেদি মাকে ফোন দিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান আবেদি
সালমান আবেদি

ম্যানচেস্টারে আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি হামলার ঘণ্টাখানেক আগে তাঁর মা ও ছোট ভাইয়ের সঙ্গে কথা বলেছিলেন। তাঁর পরিবার লিবিয়ায় রয়েছে। তিনি মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন। বলেছিলেন ক্ষমা করে দিতে। সৌদি আরবে ওমরাহ পালনের কথা বলে আবেদি লিবিয়া ছেড়েছিলেন।

লিবিয়ায় জাতিসংঘ-সমর্থিত সরকারের এক মুখপাত্র বলেন, আবেদির মা সায়মা তাব্বাত (৫২) ও ছোট ভাই হাশিমকে (১৫) জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পেরেছেন, আবেদির পরিবার ছেলের উগ্রবাদী চিন্তার বিষয়ে ব্রিটিশ পুলিশকে জানিয়েছিল। তারা তাঁকে ফোন করে লিবিয়ায় এনে পাসপোর্ট জব্দ করে রেখেছিল। কিন্তু সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার কথা বলে আবেদি পাসপোর্ট নিয়ে বের হন। এরপর তুরস্ক ও জার্মানি হয়ে হামলার চার দিন আগে যুক্তরাজ্যে প্রবেশ করেন।

ম্যানচেস্টারের প্রতিবেশীরাও গণমাধ্যমকে জানিয়েছেন যে আবেদির বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল। মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকেও একই দাবি করা হয়েছে। কিন্তু সালমান আবেদিকে কেন ঠেকানো গেল না, সেটাই এখন রহস্য।

গত সোমবার রাতে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডির কনসার্ট শেষ হওয়ামাত্রই আত্মঘাতী বোমা হামলা ঘটে। এতে ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়।

যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী ইউনিটের শীর্ষ কর্মকর্তা মার্ক রাওলি বলেন, হামলাকারী আবেদি একটি বড় সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। এই নেটওয়ার্কের বড় একটি অংশকে আটক করা গেলেও এখনো অনেকে বাকি। সন্ত্রাসবিরোধী ইউনিট এরই মধ্যে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করেছেন। আরও সরঞ্জাম অধরা রয়ে গেছে বলে তাদের ধারণা।

সর্বশেষ আজ শনিবার সকালে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার ১১ জনের বয়স ১৮ থেকে ৪৪ বছর।