হামলার পক্ষে মার্কিন সিনেট কমিটি

সিরিয়ায় হামলার পথে আরও এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিবিষয়ক সিনেট কমিটি সিরিয়ায় হামলার পক্ষে মত দিয়েছে। পাশাপাশি গত মঙ্গলবার কমিটি হামলাসংক্রান্ত একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে। আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য ওই প্রস্তাব সিনেটে উত্থাপন করা হবে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করে দিয়ে বলেছেন, ‘জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ায় হামলা হলে তা হবে আগ্রাসন।’
মার্কিন পররাষ্ট্রনীতিবিষয়ক সিনেট কমিটির অনুমোদিত খসড়া প্রস্তাবে ৬০ দিনের অভিযানের কথা উল্লেখ করা হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অভিযানের স্থায়িত্ব আরও ৩০ দিন বাড়ানো যাবে। অভিযানে ‘মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের সীমিত ও কার্যকরভাবে ব্যবহার’ করার পক্ষে নিজেদের অবস্থানও তুলে ধরে কমিটি।
খসড়া প্রস্তাবে আরও বলা হয়, মার্কিন সেনাবাহিনীকে সিরিয়ায় পদাতিক বাহিনী হিসেবে স্থলযুদ্ধে অংশ নেওয়ার অনুমোদন দিচ্ছে না সিনেট কমিটি।
সিনেট কমিটি খসড়া প্রস্তাব প্রকাশের আগে কমিটির সামনে হাজির হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি দাবি করেন, সিরিয়ার সরকারই যে নিজ জনগণের বিরুদ্ধে রাসায়নিক হামলা চালিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাই এখন দর্শক হিসেবে বসে বসে হত্যাকাণ্ড দেখার সময় নয়।
কেরি ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসে সিনেট কমিটির সামনে হাজির হন। হেগেল বলেন, সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবস্থান থেকে সরে এলে মার্কিন নিরাপত্তাবিষয়ক অন্যান্য অঙ্গীকার প্রশ্নবিদ্ধ হবে। এমনকি ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠবে।
সিনেট কমিটির অনুমোদনকে সিরিয়া অভিযানের পক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামার জয় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ওবামা হোয়াইট হাউসে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়া পান প্রেসিডেন্ট।
ওবামা গত মঙ্গলবার সুইডেন যান। সেখান থেকে জি-২০ সম্মেলনে যোগ দিতে তাঁর রাশিয়া যাওয়ার কথা।
ওবামা সিনেট কমিটি ও কংগ্রেস নেতাদের সম্মতি পেলেও মার্কিন জনগণের সম্মতি পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে। কারণ, সর্বশেষ জরিপেও দেখা গেছে, প্রতি ১০ জনের ছয়জন মার্কিনই সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার বিপক্ষে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এপি ও রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল-১-এর সঙ্গে সাক্ষাৎকারে বলেন, সিরিয়ার সামরিক বাহিনী যখন বিভিন্ন স্থানে বিদ্রোহীদের পরাজিত করছে, তখন তাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ‘হাস্যকর’। তিনি বলেন, সিরিয়ার সামরিক বাহিনীই রাসায়সিক অস্ত্র ব্যবহার করেছে—যুক্তরাষ্ট্রের হাতে এমন তথ্যপ্রমাণ থাকলে তা অবশ্যই নিরাপত্তা পরিষদে উপস্থাপন করতে হবে। আর এসব তথ্যপ্রমাণ অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ বলে পরিচিত পুতিন বলেন, ‘সিরিয়ার সেনাবাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মস্কোও প্রস্তুত রয়েছে।’ তিনি জানান, এই মুহূর্তে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার যন্ত্রাংশ সিরিয়ার কাছে হস্তান্তর বন্ধ রাখা হয়েছে। তবে তিনি বলেন, ‘আমরা যদি দেখি আন্তর্জাতিক মূল্যবোধ লঙ্ঘিত হচ্ছে, তখন কীভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের স্পর্শকাতর অস্ত্র বিশ্বের কোন অঞ্চলে পাঠানো যায়—আমরা তা চিন্তা করব।’
এদিকে মার্কিন হামলার পক্ষে অবস্থান নেওয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গত মঙ্গলবার বলেন, ‘যখন একটি রাসায়নিক হামলা হয়, যখন বিশ্ববাসী বিষয়টি জানে, যখন তার প্রমাণও পাওয়া যায় এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা যায়, তখন অবশ্যই এর জবাব দিতে হবে।’ বিবিসি, এএফপি ও রয়টার্স।