হামলার পর টুইটারে যা বললেন কেজরিওয়াল
মাত্র চার দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর গালে চড় মেরেছেন অটোরিকশার একজন চালক।
ওই হামলার পর কেজরিওয়াল সংক্ষুব্ধ না হয়ে স্বভাবসুলভ ভঙ্গিতে টুইটারে কয়েকটি বার্তা লিখেছেন। তাঁর প্রথম বার্তাটি ছিল, ‘আমি ভাবছি, কেন আমি বারবার হামলার শিকার হচ্ছি। কারা এর হোতা? তারা কী চায়? তারা কী পায় (হামলা করে)?’
দ্বিতীয় বার্তায় এএপির প্রধান বলেন, ‘সংঘাত কি দেশের সমস্যার সমাধান হতে পারে? তাদের উচিত আমাকে স্থান ও সময় বলা। আমি সেখানে যাব। তখন তারা যত খুশি আমাকে মারতে পারে। কিন্তু তাতে কি দেশের সমস্যার সমাধান হবে?’
সর্বশেষ এক বার্তায় তিনি লিখেছেন, ‘সত্যের পথ বড় কঠিন। কিন্তু শেষ বিচারে সত্যেরই জয় হবে।’
আজ উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে হামলার শিকার হন কেজরিওয়াল। সন্দেহভাজন হামলাকারীর নাম লালি বলে জানা গেছে। কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। ঘটনার পর এএপির কর্মীদের মারধরে অটোরিকশার চালক আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।