হামলার পর পার্টিতে যোগ দেন জোখার
যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার পর জোখার সারনায়েভ বন্ধুদের সঙ্গে পার্টিতে যোগ দেন। ওই হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।জোখার (১৯) বড় ভাই তামেরলান সারনায়েভের (২৬) সঙ্গে বোস্টন হামলায় অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। তামেরলান গত বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হন।পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত জোখারের অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল রোববার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একদল কর্মকর্তা বোস্টনের ওই হাসপাতালে যান। কিন্তু কথা বলার মতো সুস্থ নন তিনি।ম্যাসাচুসেটস ডরটমাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জোখার গত বুধবার বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক দিন কাটান। একপর্যায়ে ব্যায়ামাগারে গিয়ে ব্যায়াম করেন। হলে নিজের কক্ষে ঘুমাতে যান। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, জোখার বুধবার রাতে ক্যাম্পাসে একটি পার্টিতে যোগ দেন। সেখানে তাঁর ফুটবল খেলোয়াড় বন্ধুরা ছিলেন। পার্টিতে জোখারকে বেশ নির্ভার দেখাচ্ছিল।নিউইয়র্ক পোস্ট-এর এক খবরে বলা হয়, পার্টিতে যাওয়ার আগে জোখার টুইটারে এক বার্তায় লেখেন, ‘আমি একজন উদ্বেগহীন মানুষ।’ম্যাসাচুসেটসের গভর্নর দেভাল প্যাট্রিক গতকাল গণমাধ্যমকর্মীদের বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন জোখারের শারীরিক অবস্থা এখনো গুরুতর, তবে স্থিতিশীল। তিনি এখনো কথা বলে যোগাযোগ রক্ষা করার মতো সক্ষম নন।’গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হন জোখার। পরে তাঁকে বোস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা কিছুটা সংকাটপন্ন ছিল। গত সোমবার বোস্টনে ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের কাছে ওই বোমা হামলায় তিনজন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। জোখার ও তামেরলান পরিবারের সঙ্গে ২০০১ সালে রাশিয়ার দাগেস্তান থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। গভর্নর প্যাট্রিক বলেন, তিনি আশা করেন, জোখার বেঁচে যাবেন। তিনি আরও বলেন, ‘আমাদের লাখো প্রশ্ন আছে। এগুলোর উত্তর জানা চাই।’ এএফপি ও পিটিআই।