হামলার পরিকল্পনার কথা অস্বীকার করল আল-কায়েদার ইয়েমেনি শাখা
আরব বিশ্বে মার্কিন কনস্যুলেট ও দূতাবাসে আল-কায়েদা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটির ইয়েমেন শাখা। এ বিষয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের বক্তব্যও সত্যি নয় বলে দাবি করেছে তারা। গতকাল মঙ্গলবার আল-কায়েদার আরব উপদ্বীপ শাখার (একিউএপি) এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আল-কায়েদার হামলার আশঙ্কায় সম্প্রতি ইয়েমেনসহ আরববিশ্বের ১৯টি মার্কিন কনস্যুলেট ও দূতাবাস বিভিন্ন মেয়াদে বন্ধ রাখা হয়। অনলাইনে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি ও সংগঠনটির ইয়েমেন শাখার প্রধান নাসের আল-উহায়শির মধ্যে হামলার ব্যাপারে কথোপকথন মার্কিন গোয়েন্দারা শুনেছেন বলে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি যে দাবি করেছেন, তাও সত্য নয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ইয়েমেনে মুসলিম হত্যা অব্যাহত রাখতে আল-কায়েদার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের প্রেসিডেন্ট হাদি কয়েক দিন আগে বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গেলে গোয়েন্দারা তাঁকে জাওয়াহিরি ও আল-উহায়শির মধ্যে কথোপকথনের তথ্যদেন। তিনি আরও বলেছিলেন, আল-কায়েদা জঙ্গিরা দেশটির জ্বালানি তেলের টার্মিনালগুলোতে ট্রাকবোমা হামলা চালানোর পরিকল্পনা করছে। বিবৃতিতে তাঁর এ দাবিও ডাহা মিথ্যা বলে উড়িয়ে দেয় আল-কায়েদা। এএফপি।