হামলার প্রস্তাব ব্রিটিশ পার্লামেন্টে নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উদ্যোগ ব্রিটিশ পার্লামেন্টে অপ্রত্যাশিতভাবে প্রত্যাখ্যাত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় কোনো সামরিক অভিযান পরিচালিত হলে তাতে যুক্তরাজ্যের অংশগ্রহণের সম্ভাবনা আপাতত রইল না। সিরিয়ায় মানবিক দুর্যোগ ঠেকাতে জাতিসংঘের অনুমোদনে সীমিত সামরিক পদক্ষেপের পক্ষে পার্লামেন্টে সব দলের এমপিদের সমর্থন চেয়েছিলেন প্রধানমন্ত্রী ক্যামেরন। প্রত্যাখ্যাত হওয়ার পর বিব্রত ক্যামেরন বলেন, ‘সামরিক বাহিনীর কোনো ভূমিকা ব্রিটিশ জনগণ দেখতে চায় না বলে যে মতামতের প্রতিফলন এই পার্লামেন্টে ঘটেছে তা আমি উপলব্ধি করেছি এবং আমার সরকার সে অনুযায়ী চলবে।’ সিরিয়ায় অভিযানের পক্ষে প্রস্তাবটি উত্থাপনের আগে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে কয়েক দফা আলোচনার পর মূল প্রস্তাবের ভাষা পাল্টে অনেক নমনীয় আকারে তা পার্লামেন্টে পেশ করা হয়। এর পরও লেবার পার্টি তা সমর্থনে অস্বীকৃতি জানিয়ে সংশোধনী প্রস্তাব উত্থাপন করে। লেবার পার্টির সংশোধনী প্রস্তাব গৃহীত না হওয়ার বিষয়টি প্রত্যাশিত হলেও সরকারের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত। ডেভিড ক্যামেরনের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনার পর কোনো ধরনের সামরিক ব্যবস্থা নেওয়ার আগে ব্রিটিশ পার্লামেন্টে এ বিষয়ে দ্বিতীয় দফা ভোট গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও নিজের দল ও জোটের বিপুলসংখ্যক এমপি প্রধানমন্ত্রীকে সমর্থন করেননি। তবে প্রস্তাবটি হেরেছে মাত্র ১৩ ভোটের ব্যবধানে (২৮৫-২৭২)। মূলত সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা প্রমাণে ব্যর্থতা ক্যামেরনের প্রস্তাবটি প্রত্যাখ্যাত হওয়ার অন্যতম কারণ বলে অনেকে মনে করছেন। সিরিয়ায় যে রাসায়নিক হামলার অভিযোগ উঠেছে, সে হামলার জন্য আসাদ সরকারই দায়ী—এ দাবির পক্ষে কোনো জোরালো প্রমাণ উপস্থাপনের পরিবর্তে প্রধানমন্ত্রী শুধু নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃত করে বলেছেন, তাঁরা মনে করছেন ‘সেই সম্ভাবনাই প্রবল।’ ব্রিটিশ পার্লামেন্টে বৃহস্পতিবার রাতের এ ভোটের পরিণতিতে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে একটি পরীক্ষিত মিত্রকে হারাল। হোয়াইট হাউস অবশ্য এরপর এক বিবৃতিতে বলেছে, তারা ব্রিটিশ সরকারের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখবে। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের স্বার্থকে বিবেচনায় নিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে জনমনকে বিষিয়ে দিয়েছে ২০০৩ সালের ইরাক যুদ্ধ। বৃহস্পতিবারের ভোটের পর রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেছেন, প্রধানমন্ত্রীর পরিবর্তে বিরোধী দল এবং পেছনের সারির এমপিরা যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতি নির্ধারণের যে দৃষ্টান্ত তৈরি করলেন তাতে করে প্রধানমন্ত্রী ক্যামেরন এবং তাঁর জোট সরকারের কর্তৃত্ব অনেকটাই খর্ব হবে। এঁদের অনেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন।