হামাওকা পারমাণবিক কেন্দ্রের সর্বশেষ চুল্লিটিও বন্ধ করে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের হামাওকা পারমাণবিক কেন্দ্রের সর্বশেষ চালু থাকা চুল্লিটিও গতকাল শনিবার বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নাওতো কান সপ্তাহ খানেক আগে চুল্লিটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিল। এদিকে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে এক শ্রমিক মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামাওকা কেন্দ্রটি পরিচালনাকারী চুবু ইলেকট্রিক পাওয়ার কোম্পানির মুখপাত্র হিরোআকি ওবায়াশি জানান, পারমাণু চুল্লির ভেতরে নিয়ন্ত্রণকারী ২০৫টি ধাতব দণ্ডের সবগুলো ঢুকিয়ে সেটি বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাপানে গত ১১ মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর নতুন করে আণবিক বিপর্যয় এড়াতে সিদ্ধান্তটি নেওয়া হলো। ভূমিকম্প বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে টোকিওর দক্ষিণ-পশ্চিমে টোকাই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রকাশ করে আসছেন। এ অঞ্চলেই হামাওকা পারমাণবিক কেন্দ্রটি অবস্থিত। ভূমিকম্প হলে ফুকুশিমার দাইচি পারমাণবিক কেন্দ্রের মতো বড় ধরনের কোনো বিপর্যয় যাতে না ঘটে তাই প্রধানমন্ত্রী নাওতো চুল্লিটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে এক শ্রমিক মারা গেছেন। জিজি সংবাদ সংস্থা গতকাল শনিবার জানায়, কেন্দ্রের ভেতরে ৬০ বছর বয়সী ওই শ্রমিক সংজ্ঞা হারিয়ে ফেললে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। এএফপি।