হামাস আসলে চায় কী?

গাজায় নির্বিচারে বোমা ফেলছে ইসরায়েল। লাশের সংখ্যা পাঁচ শ ছুঁই ছুঁই। আর ইসরায়েলের দিকে রকেট ছুড়ছে হামাস। এতে ইসরায়েলের দৃশ্যত তেমন কোনো ক্ষতি তো হচ্ছেই না; বরং এতে তারা গাজায় হামলা চালানোর নায্যতা দাবি করার সুযোগ পাচ্ছে।
কয়েক দিন আগে ইসরায়েল অস্ত্রবিরতির ঘোষণা দিলেও হামাসের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। হামাসের এই প্রত্যাখ্যানকে অজুহাত হিসেবে সামনে এনে বোমা হামলা আরও বাড়িয়ে দেয় ইসরায়েল। শুরু হয় স্থল অভিযান। এতে করে লাশের মিছিল আরও দীর্ঘ হতে থাকে।
প্রশ্ন হচ্ছে, ইসরায়েলকে প্রতিহত করার ন্যূনতম শক্তি-সামর্থ্য না থাকার পরও হামাস কেন অস্ত্রবিরতিতে রাজি হয়নি? হামাস যেখানে গাজার নারী ও শিশুসহ সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে তারা কেন ইসরায়েলকে আরও বর্বরতার দিকে উসকে দিচ্ছে? হামাস আসলে চায় কী? কেন তাদের এই রকেট হামলা?
গতকাল শুক্রবার দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামাস নেতাদের মতো গাজার অনেক বাসিন্দা মনে করেন, এ লড়াইয়ে তাঁদের হারানোর তেমন কিছু নেই। চলতি মাসের শুরু থেকে চলা ইসরায়েলের আগ্রাসনের ফলে বিশ্বের দৃষ্টি এখন গাজার দিকে। বিপুল রক্তক্ষরণের মধ্য দিয়ে হলেও তাঁরা নিজেদের প্রতি বিশ্ববাসীর সহানুভূতি লাভ করতে সক্ষম হবেন।
যুদ্ধবিরতির লক্ষ্যে চলতি সপ্তাহে হামাসের পক্ষ থেকে ১০ দফা পরিকল্পনা উত্থাপন করা হয়েছে। তারা ১০ বছরমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব করেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, গাজার ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করে নেওয়া, ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার সমুদ্রবন্দর ও বিমানবন্দর জাতিসংঘের তত্ত্বাবধানে খুলে দেওয়া।
হামাস হয়তো মনে করছে, ইসরায়েল বিপুলসংখ্যক গাজাবাসীর প্রাণহানি ঘটানোয় আন্তর্জাতিক চাপে পড়ে হলেও তাদের ১০ দফা মেনে নেবে। দফাগুলো মেনে নিলে ইসরায়েল তাদের চারদিক থেকে যেভাবে অবরুদ্ধ করে রেখেছে, সেই বন্দিদশার অবসান হবে।
সর্বশেষ ২০১২ সালের নভেম্বর মাসে মিসরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গাজার যে যুদ্ধবিরতি হয়, সে সময় বলা হয়েছিল, গাজার ওপর থেকে অবরোধ ক্রমান্বয়ে তুলে নেওয়া হবে। তবে আজও সেই অবরোধ বহাল রয়েছে। গাজাবাসী মনে করেন, তাঁরা কার্যত খোলা আকাশের নিচে কারাবন্দী অবস্থায় আছেন। কারও কারও মতে, তাঁদের প্রতিবাদ জানানোর একমাত্র উপায় রকেট ছোড়া। যদি তাঁরা এটা খুব ভালোভাবেই জানেন, প্রতিটি হামলার মোক্ষম জবাব ইসরায়েল দেবে।
গাজার মানুষ মনে করেন, সম্প্রতি ফিলিস্তিনে একটি ঐকমত্যের সরকার গঠনে মাহমুদ আব্বাসের উদ্যোগে হামাস ও ফাতাহর মধ্যে যে সমঝোতা চুক্তি হয়েছে, তাতে ফাটল ধরাতে বদ্ধপরিকর বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে নেতানিয়াহু ও মাহমুদ আব্বাসকে আলোচনার টেবিলে বসাতে উদ্যোগ নিলেও ইসরায়েলের বিরোধিতায় তা ভেস্তে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাস-সমর্থিত কোনো ফিলিস্তিনি সরকারের সঙ্গে তিনি কখনোই আলোচনায় বসবেন না। গাজাবাসীর মতে, এই ঐকমত্যের সরকারের পেছনে যুক্তরাষ্ট্রের সতর্ক সমর্থন থাকলেও ইসরায়েল সেই সম্ভাবনা নষ্ট করে দিয়েছে।
বন্দী ইস্যু নিয়ে গাজাবাসীর যে ক্ষোভ, সেই একই ক্ষোভ পুরো ফিলিস্তিনজুড়ে বিদ্যমান। গত ১২ জুন পশ্চিম তীর থেকে তিন ইসরায়েলি ছাত্র অপহূত হয়। পরে তাদের লাশ উদ্ধার হয়। এ ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঁচ শতাধিক হামাস সদস্যকে বন্দী করে। বর্তমানে যেসব কারণে গাজা থেকে রকেট হামলা চলছে, তার অন্যতম হলো এই ধরপাকড়ের প্রতিবাদ।
হামাস জানিয়েছে, যেকোনো ধরনের যুদ্ধবিরতি হতে হলে গত কয়েক মাসে যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মুক্তির বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে।