হামাস-ফাতাহ চুক্তিতে হতাশ যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের দুই বৈরী সংগঠন হামাস ও ফাতাহর মধ্যে চুক্তির ঘটনায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া জটিল হয়ে পড়বে। মার্কিন সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেওয়া সহায়তা পুনর্বিবেচনা করা হতে পারে বলেও ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল ফিলিস্তিনের হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। হামাস ও ফাতাহ গত বুধবার একটি চুক্তির ঘোষণা দিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে দুই সংগঠন মিলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করবে বলে তারা জানিয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁর ফাতাহ পার্টির একটি প্রতিনিধিদল গাজায় পাঠান। গত বুধবার চুক্তির পর উভয় পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, পাঁচ সপ্তাহের মধ্যে তারা একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করবে এবং ছয় মাসের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
হামাসের নেতৃত্বাধীন গাজার সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেন, ‘ফিলিস্তিদের আমরা সুখবর দিতে চাই। বিভেদের যুগ শেষ হয়েছে।’ আর ফাতাহর জ্যেষ্ঠ নেতা আজম আল-আহমেদ বলেন, ‘আমরা সব বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পেরেছি। কাজেই অতীতে কী ঘটেছে, তা ভুলে যেতে চাই।’
হামাস ও ফাতাহর এই ঘোষণার পর রাস্তায় নেমে উল্লাস করে ফিলিস্তিনের মানুষ। হামাস ও ফাতাহ উভয়ই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ২০০৭ সাল থেকে তাদের মধ্যে সবচেয়ে বৈরী সম্পর্কের সৃষ্টি হয়। এর আগেও তাদের মধ্যে ঐক্য চুক্তি হলেও তা কখনো বাস্তবায়িত হয়নি।
এবার এমন একসময় সংগঠন দুটি ঐক্যের ঘোষণা দিল, যখন ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিন কর্তৃপক্ষের চলমান শান্তি আলোচনা বেশ জটিল পর্যায়ে রয়েছে। বুধবারের ওই ঘোষণার পর ইসরায়েল জানিয়েছে, শান্তি আলোচনা নিয়ে আগামী বুধবারের বৈঠকে তারা যোগ দেবে না। বিবিসি ও রয়টার্স।