ইসরায়েলের সেনারা গত মঙ্গলবার রাতে আরও ৬৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে৷ তিন ইসরায়েলি কিশোরকে অপহরণের ঘটনায় ফিলিস্তিনের পশ্চিম তীরে হামাসবিরোধী অভিযান চালাচ্ছে ইসরায়েল৷ এদিকে দখল করা পূর্ব জেরুজালেমে আরও ১৭২টি নতুন বাড়ি নির্মাণের অনুমোদন করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার৷ খবর এএফপির৷
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতে সন্দেহভাজন ৬৫ জনকে আটক করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ৫১ জন ফিলিস্তিনি, যাদের ২০১১ সালে গিলাদ শালিতের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল৷’ ইসরায়েলি সেনাসদস্য গিলাদ শালিত ফিলিস্তিনের গাজাভিত্তিক ইসলামপন্থী সংগঠন হামাসের হাতে পাঁচ বছর আটক ছিলেন৷ ২০১১ সালে এক হাজার ২৭ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে তাঁকে ছেড়ে দেয় হামাস৷
ইসরায়েলের সেনাবাহিনীর বেতারকেন্দ্র বলেছে, মঙ্গলবার রাতে আটক ব্যক্তিদের বেশির ভাগই হামাসের সদস্য৷ ইসরায়েল দাবি করছে, হামাসই পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল থেকে গত সপ্তাহে তিন ইসরায়েলি কিশোরকে অপহরণ করে৷
এর আগে গত রোববার রাতে ইসরায়েলি সেনারা অভিযান চালিয়ে ফিলিস্তিনের পার্লামেন্টের স্পিকারসহ ৪০ জনকে আটক করে৷ হাজার খানেক ইসরায়েলি সেনাদের অভিযানকালে রামাল্লার একটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষও হয়৷ এতে নিহত হন এক ফিলিস্তিনি৷ সব মিলিয়ে গত শুক্রবার থেকে শুরু হওয়া অভিযানে ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়৷ অভিযানে কমবেশি ৮০০টি স্থানে তল্লাশি চালানো হয়েছে৷ এর মধ্যে হামাস পরিচালিত ১০টি প্রতিষ্ঠানও রয়েছে৷
চলমান ধরপাকড় অভিযানের প্রশংসা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বিবৃতি দেন৷ তবে পূর্ব জেরুজালেম শহরের কাউন্সিলর ইয়োসেফ বসতি নির্মাণের বিরোিধতাকারী বামপন্থী মিরেৎজ দলের নেতা পেপ আলালু জানান, শহর কর্তৃপক্ষ বুধবার সকালে হার হোমা এলাকায় ১৭২টি অ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমতি দিয়েছে৷ এটা এমন একটি নীতির ধারবাহিকতা, যা শান্তিপ্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে৷
ইসরায়েল গত ৫ জুন পূর্ব জেরুজালেম ও দখল করা পশ্চিম তীরে তিন হাজার ২০০ নতুন বাড়ি বানানোর পরিকল্পনা প্রকাশ করে৷ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পশ্চিম তীরভিত্তিক ফাতাহ ও গাজাভিত্তিক হামাসের ঐক্যের সরকার গঠনের ঘোষণা দেওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে ওই ঘোষণা দেওয়া হয়৷