হামাসের সঙ্গে সরকার গঠনের প্রস্তাব দিলেন আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামাসের সঙ্গে যৌথভাবে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বুধবার তিনি এ প্রস্তাব দেন। ফিলিস্তিনে সম্প্রতি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল হামাস ও ফাতাহর মধ্যকার দ্বন্দ্ব নিরসন করে যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভ চলে আসছে।এ ছাড়া দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনে গাজা উপত্যকা পরিদর্শনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমা-সমর্থিত মাহমুদ আব্বাস।২০০৭ সালে হামাস গাজা উপত্যকা তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর আব্বাস শুধু পশ্চিম তীরের মধ্যেই তাঁর শাসনক্ষমতা সীমাবদ্ধ রাখেন।গত বুধবার আব্বাস তাঁর ফাতাহ দলের জ্যেষ্ঠ সদস্যদের উদ্দেশে বলেন, দুই দলের মধ্যকার বিরোধ দূর করে যৌথ সরকার গঠনের জন্য তিনি গাজা উপত্যকা যেতে প্রস্তুত। আব্বাসের এ ঘোষণাকে দলের নেতারা সাধুবাদ জানান।মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি হাজার হাজার মানুষ ফিলিস্তিনে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করে যৌথ সরকার গঠনের দাবি জানায়। তারা মনে করে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে দুই দলের মধ্যকার বিরোধই মূল বাধা।তবে হামাসের সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য নেওয়া যেকোনো পদক্ষেপই আব্বাসের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কেননা এতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাঁর বিরূপ সম্পর্ক তৈরি হবে। কারণ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।ফলে আব্বাসের প্রশাসনকে প্রতিবছর পশ্চিমা দেশগুলোর দেওয়া কোটি কোটি ডলারের সাহায্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মার্কিন উদ্যোগে নেওয়া শান্তি আলোচনায়ও আব্বাস তাঁর বিশ্বাসযোগ্যতা হারাবেন। এপি।