হামায় গণহত্যার তদন্ত করছেন জাতিসংঘ পর্যবেক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার হামা প্রদেশের ত্রেমসেহ গ্রাম পরিদর্শন করেছেন জাতিসংঘের পর্যবেক্ষকেরা। পরিদর্শনের পর পর্যবেক্ষকেরা নিশ্চিত করেন, গণহত্যার সময় ভারী অস্ত্রের ব্যবহার হয়েছে। বিদ্রোহীদের লক্ষ্য করেই সরকারি বাহিনী ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।গত শনিবার পর্যবেক্ষকদের একটি দল হামা শহরের ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ত্রেমসেহ গ্রামের বিধ্বস্ত বিভিন্ন স্থাপনা, পুড়ে যাওয়া বাড়ি ও বিদ্যালয় ভবন ঘুরে দেখেন। তবে পরিদর্শনের সময় পর্যবেক্ষকদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর সেনারা উপস্থিত ছিল।সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনের কর্মী বাসেল দারউইশ বলেন, ‘গ্রামের কোনো মানুষ যাতে সেদিনের নৃশংস গণহত্যা সম্পর্কে পর্যবেক্ষকদের কোনো তথ্য দিতে না পারে, সে জন্যই সরকারি সেনাদের তাঁদের সঙ্গে পাঠানো হয়েছে।’গতকাল রোববারও জাতিসংঘ পর্যবেক্ষক দলের গ্রামটি পরিদর্শন করার কথা ছিল। গণহত্যার বিষয়টি নিয়ে তদন্ত করছেন পর্যবেক্ষকেরা। জাতিসংঘের মুখপাত্র সুসান গোসে এক বিবৃতিতে জানান, ‘গণহত্যার ঘটনায় বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছে। এর মধ্যে বড় কামান, মর্টার ও ছোট অস্ত্র রয়েছে।’ তিনি বলেন, ত্রেমসেহ গ্রামে হামলার ধরনই বলে দিচ্ছে, বিশেষ উদ্দেশ্য নিয়েই সেখানে অভিযান চালানো হয়েছে। বিশেষ করে যাঁরা নিরাপত্তা বাহিনী ছেড়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন এবং সরকারবিরোধী হিসেবে যাঁরা পরিচিত, তাঁদের বাড়িতে ওই হামলা চালানো হয়েছে। সিরিয়ার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবারের সংঘর্ষে কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেনি। শুধু ‘সন্ত্রাসীদের’ হত্যা করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’কে আটক করা হয়েছে।গত বৃহস্পতিবার গ্রামটিতে অন্তত ২০০ মানুষ গণহত্যার শিকার হন। নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ ছিল বিদ্রোহী সেনা। ওই গ্রামে ছয় থেকে ১০ হাজার মানুষের বসতি রয়েছে।ত্রেমসেহ গ্রামে গণহত্যার রেশ কাটতে না কাটতেই সিরিয়ায় গতকাল নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। সিরিয়াবিষয়ক একটি মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানায়, দেশটির বিভিন্ন অঞ্চলে গতকাল সরকারি বাহিনীর গুলিতে অন্তত নয় ব্যক্তি নিহত হন।এদিকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আজ সোমবার চীন সফরে যাচ্ছেন। সিরিয়ার চলমান সহিংসতার অবসান এবং সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি সিরিয়াবিষয়ক বিশেষ দূত কফি আনানও আজ রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আজই তাঁর বৈঠক হওয়ার কথা। এ ছাড়া কাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এএফপি, রয়টার্স।