ভারতের বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন। সান্ধ্য অধিবেশনে অনুপস্থিত থাকার জের ধরে গতকাল বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষে আনসারিকে তুলাধুনা করেন তিনি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিজ দলের পার্লামেন্ট সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষে ঢুকে আসন গ্রহণ না করেই হামিদ আনসারির ওপর চড়াও হন মায়াবতী। এ সময় আনসারি মায়বতীকে আসন গ্রহণের আহ্বান জানান। তবে অনড় মায়াবতীকে সংযত রাখার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। রাজ্যসভায় হামিদ আনসারিকে উদ্দেশ করে মায়াবতী বলেন, ‘অধিবেশনের আয়োজন নিশ্চিত করা আপনার দায়িত্ব। অথচ কয়েক দিন ধরে আমরা দেখছি, প্রতিদিনই পার্লামেন্টে দুপুরের পর কোনো অধিবেশন হচ্ছে না। তাহলে অধিবেশন ডাকবেটা কে? এর দায়দায়িত্ব কে নেবে?’আনসারির উদ্দেশে মায়াবতী আরও বলেন, ‘এটা কেমন পার্লামেন্ট যে, দুপুরের পর অধিবেশনে আপনাকে দেখা যায় না? এ জন্য কী করা উচিত—এটা আপনাকেই ঠিক করতে হবে।’মায়াবতীর বাক্যবাণে রাজ্যসভার সদস্যরা হতভম্ব হয়ে যান। মায়াবতীর প্রশ্নের জবাবে রাজ্যসভার চেয়ারম্যান বলেন, মায়াবতী পার্লামেন্টের একজন জ্যেষ্ঠ সদস্য এবং অধিবেশন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর সহায়তা করা উচিত। তিনি বলেন, অধিবেশন অনুষ্ঠানের ক্ষেত্রে পার্লামেন্টের সবারই দায়িত্ব রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।