হামিদ আনসারিকে ভোট দেবে তৃণমূল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন আজ মঙ্গলবার। প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএর প্রার্থী হামিদ আনসারি ও বিরোধী জাতীয় গণতান্ত্রিক মোর্চার প্রার্থী যশোবন্ত সিংয়ের মধ্যে। রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএর বৈঠকে দুজনের নাম প্রস্তাব করেন। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও সাবেক তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। বৈঠকে অবশ্য এ দুটি নাম খারিজ হয়ে যায়। এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কাকে ভোট দেবে, তা এত দিন নিশ্চিত করেনি। গত রোববার রাতে মমতা তাঁদের দলীয় সাংসদদের জানিয়ে দেন, তাঁরা যেন হামিদ আনসারিকে ভোট দেন। তবে তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। গতকাল সোমবার রাতে তৃণমূল সাংসদদের এক বৈঠক বসছে দিল্লিতে রেলমন্ত্রী মুকুল রায়ের বাড়িতে। সেখানেই আনুষ্ঠানিকভাবে হামিদ আনসারিকে ভোট দেওয়ার আহ্বান জানানোর কথা।উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন কেবল রাজ্যসভা (সংসদের উচ্চকক্ষ) ও লোকসভার (নিম্নকক্ষ) সদস্যরা। ভারতের লোকসভায় রয়েছেন ৫৪৫ জন সদস্য আর রাজ্যসভায় ২৪৫ জন। জিততে হলে প্রয়োজন ৩৯৬টি ভোট। সর্বশেষ হিসাবে দেখা গেছে, এখন হামিদ আনসারির পক্ষে রয়েছে ৪৪৫টি ভোট। এর মধ্যে ইউপিএ ও তাঁদের সমর্থিত দলের ভোট ৪১০ এবং সিপিএম, সিপিআই ও ফরোয়ার্ড ব্লকের রয়েছে ৩৫ ভোট। অন্যদিকে এনডিএর রয়েছে ২১৮ ভোট এবং তৃণমূলের ২৮ ভোট।