ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারিকে দ্বিতীয়বার নির্বাচিত করার বিরোধিতা করেছেন। তিনি ওই পদে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মনোনয়ন চান।পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউপিএর সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। তাঁদের মধ্যে এখন বিরোধ চলছে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে। মমতার পছন্দের প্রার্থী গোপাল কৃষ্ণ গান্ধী ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নাতি। রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষেত্রে ইউপিএর পছন্দের প্রার্থী প্রণব মুখার্জির বিরোধিতা করেছেন মমতা।এদিকে হামিদ আনসারিকে দ্বিতীয় মেয়াদে উপরাষ্ট্রপতি পদে দেখতে চায় ইউপিএ। প্রধানমন্ত্রী মনমোহন সিং বিষয়টি নিয়ে জনতা দলের (জেডি-এস) প্রধান এইচ ডি দেব গৌড়া, ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) সাধারণ সম্পাদক প্রকাশ কারাতের সঙ্গে কয়েক দিন ধরে আলোচনায় অংশ নেন। কংগ্রেস দলের একটি অংশ মনে করে, হামিদ আনসারিকে মনোনীত করলে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনে সুবিধা হবে।বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনতা দল-ইউনাইটেডের (জেডি-ইউ) প্রধান নীতিশ কুমার উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারিকেই সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে। দলের কয়েকজন নেতা এ কথা জানিয়েছেন। পিটিআই।