হামিদ মিরের দেহে সফল অস্ত্রোপচার

দুর্বৃত্তদের গুলিতে আহত জিও টিভির জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মিরের শরীরে সফল অস্ত্রোপাচার হয়েছে। তাঁর চিকিৎসক আমির লিয়াকাত হোসেন জিও নিউজকে এ তথ্য জানিয়েছেন।
আজ সন্ধ্যায় বন্দুকধারীরা হামিদ মিরের ওপর গুলি চালায়। তিনটি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
জিও টিভি জানায়, করাচির নাথা খান সেতুতে অজ্ঞাত অস্ত্রধারীরা হামিদের গাড়িতে হামলা চালায়।
জিও টিভির সাংবাদিক আফজাল নাদিম দোগার বলেন, করাচি বিমানবন্দর থেকে জিও নিউজের কার্যালয়ে যাওয়ার পথে হামলার শিকার হন হামিদ।
করাচি বিমানবন্দর থানা থেকে কয়েক কিলোমিটার দূরে ওই সেতুতে দুটি মোটরসাইকেলে করে চারজন বন্দুকধারী হামিদের ওপর হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করে করাচি পুলিশের প্রধান শহীদ হায়াত বলেন, হামিদকে দুবার গুলি করা হয়েছে।
জিও নিউজের ইসলামাবাদ ব্যুরোর প্রধান রানা জাওয়াদ বলেন, হামলার পরপরই হামিদ ফোনে তাঁকে বিষয়টি জানান। বন্দুকধারীরা তাঁর (হামিদ) ওপর হামলার পরও গাড়িতে গুলি করতে থাকে।
জিও নিউজের সাংবাদিক ফাহিম সিদ্দিকী এক প্রতিবেদনে জানান, বিমানবন্দর থেকে ছয় কিলোমিটার দূরে কারসাজ এলাকায় বন্দুকধারীরা হামিদের ওপর হামলা চালায়।
হামলার শিকার গাড়িটির চালক জিও নিউজকে বলেন, একজন হামলাকারী হামিদকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল।
২০১২ সালের নভেম্বরে অল্প সময়ের জন্য গাড়ি রেখে চালকসহ বাইরে গেলে হামিদের গাড়িতে বিস্ফোরক রাখে দুর্বৃত্তরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে একটি ব্যাগ উদ্ধার করে, যাতে আধা কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য ছিল। পরে ওই বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করা হয়।
অভিযোগের তির আইএসআইয়ের দিকে
হামিদ মিরের ভাই ও জ্যেষ্ঠ সাংবাদিক আমির বলেছেন, আক্রমণের শিকার হলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলাম দায়ী থাকবে বলে হামিদ তাঁকে জানিয়েছিলেন। তিনি বলেন, হামিদ মির তাঁকে ইতিপূর্বে জানিয়েছিলেন, আইএসআই প্রধান তাঁকে হত্যার পরিকল্পনা করে থাকতে পারেন।
তবে দেশটির আন্তবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর) হামিদ মিরের ওপর হামলার নিন্দা জানিয়ে তাঁর সুস্থতা কামনা করেছে। আইএসপিআরের মুখপাত্র বলেছেন, হামলার ঘটনায় অবশ্যই স্বাধীন তদন্ত কমিটি গঠন হওয়া উচিত।