হামিদ মিরের শরীরে এখনো তিনটি গুলি

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামিদ মিরের শরীরে ছয়টি গুলি বিদ্ধ হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে এর তিনটি গুলি চিকিৎসকেরা বের করেছেন। বাকি তিনটি এখনো শরীরে রয়ে গেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
হামিদ মিরের চিকিৎসা প্রতিবেদনের বরাত দিয়ে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিয়ো টিভির খবরে আজ রোববার বলা হয়েছে, গতকাল শনিবার করাচিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের ছোড়া ছয়টি গুলি হামিদ মিরের শরীরে লাগে। এর মধ্যে একটি পাঁজরে, একটি পেটে, একটি হাতে, তিনটি ঊরুতে লাগে। এর মধ্যে ঊরুর তিনটি গুলি হাড়ে লেগে থাকায় তা বের করতে পারেননি চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও পরীক্ষা-নিরীক্ষার পর শরীরের ভেতরে থাকা গুলি বের করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
হামিদ মির গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে করাচি বিমানবন্দর থেকে জিয়ো নিউজের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে শেরে ফয়সাল এলাকায় নাথা খান সেতুর কাছে পৌঁছালে তাঁর গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় আগা খান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে।
এদিকে হামিদ মিরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
পরিবারের অভিযোগ আইএসআই দায়ী
হামিদ মিরের ওপর হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ওই হামলার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থাকে (আইএসআই) দায়ী করেছে হামিদ মিরের পরিবার।
হামিদ মিরের ভাই আমির মির অভিযোগ করেন, আইএসআই পাকিস্তানকে ঘুণপোকার মতো খেয়ে ফেলছে। আইএসআইয়ের পরিচালক জহির-উল ইসলাম বা অন্য কর্মকর্তারা তাঁর ভাইকে হত্যার পরিকল্পনা করছেন।
আমির মির দাবি করেন, প্রায় দুই সপ্তাহ আগে তাঁর কাছে হামিদ মির জীবনের হুমকির কথা জানিয়েছেন।
এদিকে হামিদ মিরের ওপর হামলার নিন্দা জানিয়েছে আইএসআই। একই সঙ্গে এ ঘটনা নিয়ে কোনো গুজব না ছড়াতে অনুরোধ জানিয়েছে প্রভাবশালী সংস্থাটি।
হামিদ মিরই হচ্ছেন একমাত্র সাংবাদিক, যাঁকে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন অন্তত দুবার সাক্ষাত্কার দিয়েছেন। হামিদ মিরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও এই হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বলে পরিচিত হামিদ মির পাকিস্তানের কট্টরপন্থীদের কাছে শত্রু বলে বিবেচিত। গতকালের ঘটনার আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়। ২০১২ সালের নভেম্বরে ইসলামাবাদে হামিদ মিরের গাড়ির নিচে আধা কেজি বিস্ফোরক পাতা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড গিয়ে তা উদ্ধার করে।
হামিদ মির বাংলাদেশেও বেশ পরিচিত নাম। প্রথম আলো ও ডেইলি স্টার-এ তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। হামিদ মিরের বাবা ওয়ারিস মিরকে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু হিসেবে সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। গত বছরের মার্চে বাবার সম্মাননা গ্রহণ করতে বাংলাদেশে এসেছিলেন হামিদ মির।