হামিদ মিরের শারীরিক অবস্থা উন্নতির দিকে

পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামিদ মিরের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তবে এখনই কাউকে হামিদ মিরের সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছেন না চিকিত্সকেরা। আগামী তিন দিন কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার পাকিস্তানের বেসরকারি জিয়ো টিভির খবরে এসব কথা বলা হয়েছে। এদিকে হামিদ মিরের শারীরিক অবস্থার উন্নতি চেয়ে আজ পাকিস্তানের কিছু শিশু মোনাজাত করেছে।
হামিদ মির গত শনিবার বিকেলে করাচি বিমানবন্দর থেকে জিয়ো টিভির কার্যালয়ে যাচ্ছিলেন। পথে শেরে ফয়সাল এলাকায় নাথা খান সেতুর কাছে পৌঁছালে তাঁর গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। এতে তাঁর শরীরে ছয়টি গুলি বিদ্ধ হলে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় আগা খান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিত্সা চলছে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি গুলি বের করেছেন চিকিত্সকেরা। বাকি তিনটি গুলি এখনো শরীরে আছে। তবে এই তিনটি গুলি শরীর থেকে বের করার সিদ্ধান্ত চিকিত্সকরা এখনো নেননি।
হাসপাতাল থেকে আজ জানানো হয়েছে, হামিদ মিরের গুলি লাগার স্থানগুলোয় প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং ব্যথা কমানোর জন্য চিকিত্সকেরা তাকে ওষুধ দিচ্ছেন।
হামিদ মিরই হচ্ছেন একমাত্র সাংবাদিক, যাঁকে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন অন্তত দুবার সাক্ষাত্কার দিয়েছেন। হামিদ মিরের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসাইন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও এই হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বলে পরিচিত হামিদ মির পাকিস্তানের কট্টরপন্থীদের কাছে শত্রু বলে বিবেচিত। গত শনিবারের ঘটনার আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়। ২০১২ সালের নভেম্বরে ইসলামাবাদে হামিদ মিরের গাড়ির নিচে আধা কেজি বিস্ফোরক পাতা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড গিয়ে তা উদ্ধার করে।
হামিদ মির বাংলাদেশেও বেশ পরিচিত নাম। প্রথম আলো ও ডেইলি স্টার-এ তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। হামিদ মিরের বাবা ওয়ারিস মিরকে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু হিসেবে সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। গত বছরের মার্চে বাবার সম্মাননা গ্রহণ করতে বাংলাদেশে এসেছিলেন হামিদ মির।