হারিয়ে যাওয়া পাণ্ডুলিপির গল্প...

গত মাসের কথা। জে কে রওলিংয়ের বার্মিংহামের বাড়ি থেকে চুরি গেল ‘হ্যারিপটার’ সিরিজের একটি পাণ্ডুলিপি। ৮০০ শব্দের ওই পাণ্ডুলিপিটি ছিল হাতে লেখা। তাতে বলা হয়েছে হ্যারির বাবা জেমস পটারের তরুণ বয়সের গল্প।
পাণ্ডলিপি চুরির পুরো বিষয়টিই এখন চলে গেছে পুলিশের কাছে। পুলিশ তদন্ত করে চোরকে খুঁজে বের করার ভার নিয়েছে। লেখিকা জে কে রওলিং এরই মধ্যে ভক্তদের কাছে এই বলে আহ্বান জানিয়েছেন যে কেউ যেন পাণ্ডুলিপিটি কালোবাজার থেকে না কেনেন। কারণ, মানবকল্যাণে নিয়োজিত একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের জন্য সেটি নিলামে তোলার কথা ভাবা হচ্ছিল।
অবশ্য বিখ্যাত লেখকদের পাণ্ডুলিপি চুরি যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। অনেক ক্ষেত্রে বিখ্যাত উপন্যাস বা গল্পের পাণ্ডুলিপিও চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। আসুন জেনে নিই তেমনই কিছু ঘটনা—

১. রেলস্টেশনে চুরি যায় হেমিংওয়ের লেখা
১৯২২ সালে আর্নেস্ট হেমিংওয়ে ছিলেন একজন তরুণ সংবাদকর্মী। তখনই তাঁর হাতে জমে গিয়েছিল অপ্রকাশিত অনেক লেখা।
সুইজারল্যান্ডে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় হেমিংওয়ের পাণ্ডুলিপিগুলো নেওয়া হয়েছিল একটি স্যুটকেসে। তাঁর স্ত্রী এগুলো নিয়ে একাই ভ্রমণ করছিলেন। কিন্তু সুইজারল্যান্ডে পৌঁছানোর আগেই হারিয়ে যায় সেই স্যুটকেস। এতে হেমিংওয়ের অনেক লেখাই চিরতরের জন্য হারিয়ে যায়। ১৯৬৪ সালে প্রকাশিত এক স্মৃতিকথায় হেমিংওয়ে বলেছিলেন, ‘লেখাগুলো হারিয়ে আমার স্ত্রী খুব কেঁদেছিল। আমি তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম, ব্যাপার না। কিন্তু ভেতরে ভেতরে বেশ অস্থির লাগছিল।’
পরে অবশ্য লেখাগুলো খোঁজার চেষ্টাও করেছিলেন হেমিংওয়ে। কিন্তু সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি। রচনাগুলো নতুন করে আর লেখারও চেষ্টা করেননি লেখক। তাই পাঠকেরা কোনো দিনও জানতে পারবেন না, কী ছিল তাতে!
২. গাড়ি থেকে উপন্যাস চুরি
ব্রিটিশ লেখক ম্যালকম লোওরি বিখ্যাত হয়েছিলেন ‘আন্ডার দ্য ভলকানো’ নামের উপন্যাসের জন্য। এই উপন্যাস দিয়ে জনপ্রিয়তা পেলেও তাঁর লেখা প্রথম বই ছিল ‘আল্ট্রামেরিন’। একটি জাহাজে কাজ করার নিজ অভিজ্ঞতা নিয়ে উপন্যাসটি লেখা হয়েছিল। এর জন্য প্রকাশকও জুটে গিয়েছিল। কিন্তু প্রকাশনা সংস্থার পরিচালক তাঁর ব্যক্তিগত গাড়ি থেকে পাণ্ডুলিপিটি হারিয়ে ফেলেন। সেটি ছিল টাইপরাইটারে টাইপ করা আল্ট্রামেরিনের একমাত্র পাণ্ডুলিপি।
পরে অবশ্য উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। কিন্তু কীভাবে তা স্পষ্ট করে জানা যায় না। লেখকের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর এক বন্ধু আবর্জনার স্তূপ থেকে একটি পাণ্ডুলিপি পেয়েছিলেন। বলা হয়ে থাকে, সেটি ছিল কার্বন পেপারে করা নকল।

৩. নাৎসিদের কবলে কাফকার নোটবুক
১৯২৪ সালে ফ্রানৎজ কাফকা যক্ষ্মায় ভুগে মারা গিয়েছিলেন। এরপর তাঁর লেখা প্রায় ২০টি নোটবুক ও ৩৫টি চিঠি চলে গিয়েছিল প্রেমিকা ডোরা ডিয়েমন্তের জিম্মায়। কিন্তু নাৎসিরা যখন জার্মানির ক্ষমতায় এসেছিল, তখন কমিউনিস্ট দমনের অজুহাতে চালানো অভিযানে সব নোটবুক ডায়েরি ও চিঠি বাজেয়াপ্ত করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অনেক দিন পরও সেগুলোর আর খোঁজ মেলেনি। কাফকার বন্ধু ম্যাক্স ব্রড এগুলো উদ্ধারের অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নাৎসিদের কাছ থেকে কিছুই উদ্ধার করতে পারেননি।
পরে গত শতাব্দীর নব্বই দশকের শেষে হারিয়ে যাওয়া নোটবুক ও চিঠি প্রাগ ও বার্লিনে থাকা সাবেক নাৎসি মহাফেজখানা থেকে উদ্ধার করা হয়েছিল। অবশ্য এই খোঁজা শুরু হয়েছিল গত শতকের সত্তরের দশকে।

৪. লেখা চুরি করে অনলাইনে!
স্টেফানি মায়ার তাঁর ‘টোয়াইলাইট’ সিরিজের উপন্যাসগুলোর জন্য বিখ্যাত। অথচ এই সিরিজের প্রথম দিককার বই ‘মিডনাইট সান’-এর একটি সংস্করণ চুরি হয়ে গিয়েছিল। আর সেই চুরি করেছিলেন মায়ারের এক নাছোড়বান্দা পাঠক! শুধু চুরি করেই ক্ষান্ত থাকেননি তিনি, ইন্টারনেটে প্রকাশও করে দিয়েছিলেন।
২০০৮ সালের এই ঘটনায় বেশ খেপে গিয়েছিলেন মায়ার। ভক্তদের উদ্দেশে এক আনুষ্ঠানিক বক্তব্যে বলেছিলেন, এই চুরির ঘটনায় তাঁর সৃষ্টিশীলতা বাধাগ্রস্ত হয়েছে। শেষে পাঠকদের জন্য নিজেই ‘মিডনাইট সান’-এর অসমাপ্ত পাণ্ডুলিপি অনলাইনে প্রকাশ করেছিলেন মায়ার।
জানা গেছে, আবার নতুন করে উপন্যাসটি লেখার কাজে হাত দিয়েছেন স্টেফানি মায়ার। এবার আবার চুরি না হলেই হয়!
মেন্টাল ফ্লস অবলম্বনে অর্ণব সান্যাল