হারিয়ে যাওয়া ব্যাঙের সন্ধান
বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, পশ্চিম আফ্রিকা অঞ্চলের ব্যাঙের দুটি প্রজাতি এবং মেক্সিকোর স্যালাম্যান্ডার ব্যাঙের একটি প্রজাতি বিলুপ্ত হয়েছে। কিন্তু সম্প্রতি এই দুই প্রজাতির ব্যাঙের আবার সন্ধান মিলেছে। গতকাল বুধবার উল্লসিত বিজ্ঞানীরা এ কথা জানান।বিলুপ্ত ধারণা করা মেক্সিকান স্যালাম্যান্ডার ব্যাঙের ওই প্রজাতির সর্বশেষ ব্যাঙটি দেখা গিয়েছিল ১৯৪১ সালে। সম্প্রতি মেক্সিকোর গভীর জঙ্গলে একটি গুহায় আবার এই ব্যাঙের দেখা মিলেছে। বিলুপ্তির হুমকির মুখে থাকা উভচর প্রাণীদের খুঁজে বের করার একটি প্রকল্পের আওতায় পরিচালিত অভিযানে এসব বিলুপ্ত ঘোষণা করা ব্যাঙের দেখা মিলেছে।প্রকল্পের সহ-সমন্বয়ক ও কনজারভেশন ইন্টারন্যাশনালের (সিআই) কর্মকর্তা রবিন মুর বলেন, ‘ভাবতেই অন্য রকম লাগছে, শেষবার দেখা পাওয়ার কত বছর পর এই প্রাণীদের দেখা মিলল।’ বিলুপ্ত হওয়া বা বিলুপ্তির হুমকির মুখে থাকা ১০০টি প্রজাতির প্রাণীদের খোঁজার এই অভিযান শুরু হয় গত মাসে। আফ্রিকার মাউন্ট নিম্বা রিড ব্যাঙটির সন্ধান মিলেছে আইভরি কোস্টে। এর আগে ১৯৬৭ সালে শেষবার এই ব্যাঙের দেখা মিলেছিল। আর ১৯৭৯ সালে শেষবার দেখা পাওয়া ওমানিউনদু রিড ব্যাঙের আবার সন্ধান পাওয়া গেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে।জাপানের নাগোইয়াতে ইউএন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটির অক্টোবরের সম্মেলনে এই অভিযানে সন্ধান পাওয়া প্রজাতির চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। বিবিসি, এএফপি।