হারিয়ে যাচ্ছে মালির শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের শিশু আদজারাতু। মালির রাজধানী বামাকোর একটি এলাকায় থাকে সে। একদিন বাড়ির সামনে খেলছিল মেয়েটি। হঠাৎ করে হাওয়া। মা-বাবা হন্যে হয়ে খুুঁজেও তার কোনো হদিস পেলেন না। পুলিশে খবর দেওয়া হলো। কিন্তু এতে কোনো লাভ হালো না। আনন্দের রোশনাই হারিয়ে গেল বাড়ি থেকে। মেয়েকে হারানোর দুঃখে পাথর বনে গেলেন মা-বাবা। সারাক্ষণ তাঁরা বসে বসে ভাবেন, মেয়েটি খেলতে খেলতে দূরে কোথাও হারিয়ে গেল, নাকি কেউ তাকে নিয়ে গেল। এ ভাবনার কোনো কূল নেই। আদজারাতুর বাবা আদামা কাউলিবালি ঘটনার এই বর্ণনা দিয়ে জানান, গত বছরের সেপ্টেম্বরে এভাবে নিখোঁজ হয় তাঁর মেয়ে। এর চার মাস পর গত জানুয়ারিতে মেয়েকে ফিরে পান তিনি। আদজারাতুর এক বন্ধু বামাকোর কেন্দ্রস্থলে তাকে আবিষ্কার করে। এক জার্মান দম্পতির জিম্মায় ছিল সে। আদজারাতুকে বৈধভাবে দত্তক নেন তাঁরা। কয়েক দিনের মধ্যে জার্মানিতে ফিরে যাওয়ার কথাও ছিল তাঁদের। আর তা যদি হতো, তাহলে হয়তো চিরতরে হারিয়ে যেত আদজারাতু। মেয়েকে ফিরে পেয়ে কাউলিবালির আশঙ্কা ও উদ্বেগ কেটেছে, কিন্তু অস্বস্তি যায়নি। রয়েই গেছে সেই প্রশ্ন—কে অপহরণ করেছিল আদজারাতুকে?কাউলিবালি জানান, তাঁর মেয়েকে একটি এতিমখানা থেকে দত্তক নেন জার্মান দম্পতি। এতিমখানার প্রধান পোনা হাওয়া কামারা জানান, এক সন্ধ্যায় এক মহিলা আদজারাতুকে তাঁর কাছে নিয়ে আসে। বিষয়টি তিনি পুলিশকে জানান। ওই মহিলা তাঁকে বলেন, প্রায় এক সপ্তাহ ধরে মেয়েটি তাঁর কাছে আছে। ওকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন, পাড়ার মোড়লের কাছে গেছেন, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। এ জন্য এতিমখানায় নিয়ে এসেছেন। তবে মালির পুলিশ বিভাগের প্রধান অ্যামি কানে বলেন, আদজারাতুর খোঁজ পাওয়ার বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। পুলিশপ্রধানের এ জবাবের সূত্র ধরে সাংবাদিকেরা পরে কামারার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।‘হেল্প আ চাইল্ড’ নামে একটি জার্মান সংস্থা আদজারাতুকে দত্তক নেওয়ার ব্যাপারে মধ্যস্থতা করে। এ ঘটনার ব্যাপারে তারা কোনো বিবৃতি দিতে রাজি হয়নি। তবে তারা বলেছে, এতিমখানা থেকে দেওয়া কাগজের ওপর ভিত্তি করে এই দত্তক নেওয়ার পক্রিয়ায় তারা সহযোগিতা করে। এখানে মেয়েটি কোত্থেকে, কীভাবে এসেছে, তা তদন্ত করে জানা তাদের পক্ষে সম্ভব নয়।মালিতে নিযুক্ত জার্মান দূত কার্ল ফ্লিটনার বলেন, শিশু দত্তক নেওয়ার ব্যাপারে যে এতিমখানা বা সরকারি দপ্তর জড়িত, এর মধ্যে কোনো ঘাপলা রয়েছে বলে তাঁর ধারণা। তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা মনে করছি, যে শিশুকে দত্তক নেওয়া হয়, সে শিশু আসলেই ঠিকানাহীন এতিম কি না, তা যাচাইয়ে সংশ্লিষ্ট এতিমখানা ও সরকারি দপ্তরের কিছু কর্মকর্তার গাফিলতি রয়েছে। ফ্লিটনার বলেন, মালি থেকে জার্মানদের শিশু দত্তক নেওয়ার ঘটনাগুলো জার্মান সরকার খতিয়ে দেখবে। বামাকো থেকে আদজারাতুর হারিয়ে যাওয়াই মালির শিশু নিখোঁজ হওয়ার একমাত্র ঘটনা নয়। এমন ঘটনা অহরহই ঘটছে। বিবিসি অবলম্বনে।