অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাফেতে ঢুকে লোকজনকে জিম্মি করা বন্দুকধারী হারুন মনিসের বিরুদ্ধে খুন, যৌন হয়রানিসহ ‘কয়েক ডজন’ মামলা রয়েছে। এর মধ্যে স্ত্রীকে হত্যায় সম্পৃক্ততার মামলায় গত বছর জামিনে মুক্ত হন তিনি। এমন লোক কীভাবে মুক্ত ছিলেন, অস্ট্রেলিয়ায় সেই প্রশ্ন উঠেছে। খবর এএফপি ও রয়টার্সের।
গত সোমবারের ১৬ ঘণ্টার জিম্মি ঘটনার সময় নিহত দুজনের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, দেশের সন্ত্রাস পর্যবেক্ষণ তালিকায় বন্দুকধারী মনিসের নাম নেই কেন, তা খতিয়ে দেখা হবে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় অবস্থিত লিন্ডট ক্যাফেতে সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে জিম্মি নাটকের শুরু হয়। বন্দুকধারী হারুন মনিস ক্যাফেতে ঢুকে জিম্মি করে ফেলেন সেখানকার কর্মী ও খদ্দেরদের। স্থানীয় সময় রাত দুইটার পরে কমান্ডোদের অভিযানে হারুন ও দুজন জিম্মি নিহত হন।
‘আধ্যাত্মিক চিকিৎসক’ হিসেবে পরিচয় দেওয়া ইরানি নাগরিক মনিসের ৩০ বছর বয়সী স্ত্রী নলিন হেইসন পাল ২০১৩ সালের এপ্রিলে খুন হন। পশ্চিম সিডনিতে তাঁকে প্রকাশ্য দিনের আলোয় ১৮ বার ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় মনিস ও তাঁর তখনকার একজন প্রেমিকাকে অভিযুক্ত করা হয়েছিল। তবে একজন হাকিম মামলাটিকে দুর্বল আখ্যা দিয়ে তাঁদের জামিন দেন। যদিও মনিসের বিরুদ্ধে যৌন হয়রানি ও লাঞ্ছনার অভিযোগে ৪০টির বেশি মামলা ছিল। অস্ট্রেলীয় সরকারের প্রতি মনিসের ছিল তীব্র ক্রোধ।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যাবট গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ ধরনের ইতিহাস থাকা একজন ব্যক্তির নাম পর্যবেক্ষণ তালিকায় নেই, এটা কীভাবে সম্ভব?
সোমবার স্থানীয় সময় গভীর রাতে কমান্ডোরা অভিযান চালিয়ে জিম্মি নাটকের অবসান ঘটান। এ সময় দুজন জিম্মি নিহত হন।
এদিকে গতকাল রাজধানী ক্যানবেরায় পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের ক্যানটিনে একটি সন্দেহভাজন বস্তু পাওয়ার পর লোকজনকে সরিয়ে নেওয়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।