হারের মূল্য দিলেন মিলিব্যান্ড

সর্বশেষ ২০১০ সালের নির্বাচনে হারলেও লেবাররা পেয়েছিল ২৫৮টি আসন। এবারের চেয়ে বেশ কয়েকটি বেশি। ওই নির্বাচনের পরই দলের হাল ধরেছিলেন এড মিলিব্যান্ড। নির্বাচনপূর্ব জনমত জরিপগুলোকে মিথ্যা প্রমাণিত করে লেবার দলের এ পরাজয়ে মহা হতাশ মিলিব্যান্ড। খবর বিবিসির।
রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও যুক্তরাজ্যে এড মিলিব্যান্ডকে খুব একটা আকর্ষণীয় রাজনীতিক হিসেবে দেখা হতো না। তাঁর মার্ক্সবাদী বাবা ও মানবাধিকারকর্মী মা দুজনই ইহুদি অভিবাসী। রাজনীতি-আচ্ছন্ন যে বাড়িটিতে মিলিব্যান্ড বেড়ে ওঠেন, তা ছিল বামপন্থী বুদ্ধিজীবীদের পদচারণে মুখরিত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় হন তিনি। এরপর কিছু সময় সাংবাদিকতা করেন। পরে লেবার পার্টিতে দ্রুততার সঙ্গে পদোন্নতি পান। একসময় লেবার সরকারে দায়িত্ব পালন করেন জ্বালানিমন্ত্রী ও অর্থ উপদেষ্টা হিসেবে। ২০১০ সালে ভাই ডেভিড মিলিব্যান্ডকে সরিয়ে তিনিই হন দলের প্রধান।
বেখাপ্পা চালচলন ও একের পর এক হতাশায় ডোবানো কার্যকলাপের পরও জোরদার নির্বাচনী প্রচারণার কারণে ৪৫ বছর বয়সী মিলিব্যান্ড প্রশংসা কুড়িয়েছিলেন। তাঁর ভেতরে নেতৃত্বের উপাদানও খুঁজে পাচ্ছিলেন কিছু রাজনৈতিক পর্যবেক্ষক।
নির্বাচনের ফল স্পষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মিলিব্যান্ডের বিদায়ের সুর বাজা শুরু হয়। লেবারদলীয় সাবেক মন্ত্রী গ্যারি সাচলিফ বলেন, অন্য কারও দলের দায়িত্ব নেওয়ার এখনই সময়। বামপন্থী ব্রিটিশ সাময়িকী নিউ স্টেটসম্যান লেবারদলীয় সদর দপ্তরের সূত্রের বরাত দিয়ে গতকাল লিখেছিল, ‘এডকে আগামীকালই (শনিবার) পদত্যাগ করতে হবে।’ ডেইলি মিরর সম্পাদকীয়তে গতকাল লেখে, ‘নির্বাচনে নাজেহাল হওয়ার পর মিলিব্যান্ডকে পদত্যাগ করতেই হবে। একমাত্র প্রশ্ন হলো, কখন পদত্যাগ করবেন, সেটা।’ সে জবাব সবাই গতকালই পেয়ে গেছেন।