হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বোমা আতঙ্ক, তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে বোমা পেতে রাখার হুমকি পেয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কয়েকটি ভবন থেকে গতকাল শনিবার সবাইকে সরিয়ে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পাসে তল্লাশি চালায়। তবে কিছু পাওয়া যায়নি।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের মুখপাত্র স্টিভেন ক্যাটালানোর বরাত দিয়ে আজ রোববার পিটিআই জানায়, ক্যাম্পাসে কিছু পাওয়া না যাওয়ার কথা জানিয়ে পুলিশের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। ক্যাম্পাস এখন নিরাপদ।

হার্ভার্ড ক্রিমসনের খবরে বলা হয়েছে, ভবনগুলোতে হার্ভার্ড সামার স্কুলে যোগ দিতে আসা শিক্ষার্থীরা ছিলেন। সরিয়ে নেওয়ার পর তল্লাশি শেষে ভবনগুলোতে কিছু না পাওয়ায় শিক্ষার্থীদের আগের স্থানে বহাল করা হয়েছে।

ক্যামব্রিজ পুলিশ বিভাগের মুখপাত্র জার্মি ওয়ার্নিক জানান, তল্লাশিকালে একটি ভবনে পুলিশ সন্দেহজনক একটি ডিভাইস পায়। তবে এটি ছিল পরিত্যক্ত একটি বস্তু।

তবে ফোনে হুমকির উত্স নিয়ে কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। কোন স্থান থেকে হুমকি দিয়ে ফোন কলটি করা হয়েছিল, স্থানীয় পুলিশ ও এফবিআই তা খতিয়ে দেখছে।