হাশেমিকে হস্তান্তরের আহ্বান মালিকির
ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি গতকাল বুধবার ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাশেমিকে হস্তান্তর করতে কুর্দি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মন্ত্রিসভা বর্জন প্রত্যাহার না করলে সুন্নি-সমর্থিত ইরাকিয়া ব্লকের মন্ত্রীদের বরখাস্ত করার হুমকি দিয়েছেন।সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগে ভাইস প্রেসিডেন্ট হাশেমির বিরুদ্ধে গত মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। স্বশাসিত কুর্দিস্তান এলাকায় বর্তমানে লুকিয়ে থাকা হাশেমি এ অভিযোগ অস্বীকার করেছেন।দেশটির আইনপ্রণেতারা আরেক সুন্নি উপপ্রধানমন্ত্রী সালেহ আল-মুতলাককে পদচ্যুত করার বিষয়টি বিবেচনা করছেন। শিয়া নেতৃত্বাধীন ইরাকের ঐক্যের সরকারকে উপপ্রধানমন্ত্রী মুতলাক ‘একনায়কতন্ত্র’ আখ্যায়িত করায় মালিকি তাঁকে পদচ্যুত করার আহ্বান জানিয়েছেন। মালিকি গতকাল বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হাশেমিকে দেশের বিচারব্যবস্থার কাছে হস্তান্তর করতে আমরা কুর্দিস্তান অঞ্চলের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এএফপি।