হাসপাতাল ছাড়ছেন চিলির শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে খনির গহ্বর থেকে উদ্ধার করা শ্রমিকদের মধ্যে তিনজন গত বৃহস্পতিবার হাসপাতাল ছেড়ে বাড়িতে গেছেন। গতকাল শুক্রবারের মধ্যে আরও অনেকের হাসপাতাল ছাড়ার কথা ছিল। খনির সুড়ঙ্গ ধসে আটকে পড়া ৩৩ জন শ্রমিককে ৬৯ দিন পর দুরূহ এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়। রুদ্ধশ্বাস অপেক্ষার পর এ সাফল্যে দেশজুড়ে বইছে আনন্দের বন্যা। কঠোর নিরাপত্তার মধ্যে একটি সাদা গাড়িতে করে হাসপাতাল ছেড়ে যান তিন শ্রমিক। এঁদের একজন এডিসন পেনা বলেন, ‘আমি ভালো আছি, শরীরও বেশ ভালো। কখনো যে ফিরে আসতে পারব ভাবিনি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’চোপিয়াপো হাসপাতালের উপপরিচালক হোর্হে মন্তেস জানান, ওই তিন শ্রমিক স্বাভাবিকভাবে চলাফেরা, সবকিছু করতে পারবেন, শুধু আপাতত বেশি আলোয় বের হওয়ার সময় তাঁদের রোদচশমা পরতে হবে। তবে মন্তেস বলেন, তাঁদের মানসিক অবস্থা কী দাঁড়াবে, তা তাঁরা এখনই বলতে পারছেন না।চিকিৎসকেরা জানিয়েছেন, উদ্ধার পাওয়া শ্রমিকেরা দ্রুত সেরে উঠছেন। কাজেই শুক্রবারের মধ্যে আরও অনেকে হাসপাতাল ছেড়ে বাড়ি যেতে পারবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।ওই শ্রমিকদের বলা হয়েছিল, তাঁদের অন্তত ৪৮ ঘণ্টা হাসপাতালে থাকতে হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী হাইমে মানালিচ এর আগে জানিয়েছিলেন, তাঁদের শারীরিক অবস্থা এতটাই ভালো যে অনেকেই ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল ছাড়তে পারবেন।শ্রমিকদের কয়েকজনকে দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে। দুজন সিলিকোসিসে (সিলিকা-ধূলি নিঃশ্বাসে নেওয়ার ফলে সৃষ্ট ফুসফুসের ব্যাধি) আক্রান্ত হয়েছেন। এ ছাড়া নিউমোনিয়ায় ভুগছেন দুজন। উদ্ধার হওয়ার ২৪ ঘণ্টা পর হাসপাতালে বসে শ্রমিক রিচার্ড ভিল্লারোয়েল উদ্ধার অভিযান সম্পর্কে বলেন, ‘সব কিছুই ছিল খুবই সুপরিকল্পিত। ক্যাপসুলে গান শুনতে শুনতে আমি ওপরে উঠে এসেছি।’চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এর আগে শ্রমিকদের দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি খনি, পরিবহন, মৎস্য আহরণ ও নির্মাণশিল্পে অমানবিক শ্রম-ব্যবস্থা বন্ধ করার প্রতিশ্রুতি দেন।উদ্ধার হওয়া শ্রমিকদের জন্য আগামী ২৫ অক্টোবর রাজধানী সান্তিয়াগোতে একটি বড় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন প্রেসিডেন্ট। এএফপি, বিবিসি।