হাসপাতাল ছেড়েছেন নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা গতকাল রোববার হাসপাতাল ছেড়ে বাসায় গিয়েছেন। তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বড় ধরনের কোনো সমস্যা না পাওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে। গত শনিবার ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে তাঁর পাকস্থলীতে ল্যাপারোস্কোপি করা হয়। ম্যান্ডেলা হাসপাতাল ছাড়ার পর এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, ‘তিনি আগের চেয়ে এখন সুস্থ ও ভালো আছেন।’৯৩ বছর বয়সী ম্যান্ডেলাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তা জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রের খবরে বলা হয়, প্রিটোরিয়ার একটি সামরিক হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সাবেক এই নেতা গত মাসেই তাঁর গ্রামের বাড়ি ইস্টার্ন কেপ থেকে জোহানেসবার্গে আসেন। ২০১০ সালে বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ তাঁকে জনসমক্ষে দেখা গেছে। এএফপি ও বিবিসি।