হাসপাতাল ছেড়েছেন বৈরুতে বোমা হামলায় আহত ছয় বাংলাদেশি
লেবাননের রাজধানী বৈরুতে ইরানি দূতাবাসের কাছে বোমা হামলার ঘটনায় আহত সাত বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগ বৈরুতে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, আয়না মতি ওরফে শীলা (পাসপোর্ট নম্বর এএ ১০০৪০৭০) নামের মানিকগঞ্জের এই নারী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। সিটি স্ক্যান রিপোর্ট পাওয়ার পর তাঁর মাথায় অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।
ওই ঘটনায় আহত চারজনকে গতকাল বুধবার প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজন আজ চিকিত্সা শেষে হাসপাতাল ছেড়েছেন।
গত মঙ্গলবার এই গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ২২ জনের নিহত হওয়ার কথা জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা।
বাংলাদেশ সরকার এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।