হাসপাতাল ছেড়েছেন ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা চিকিৎসা গ্রহণ শেষে গতকাল শনিবার হাসপাতাল ছেড়েছেন। দেশটির সরকার এ কথা জানিয়েছে। সরকার আরও জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা বেশ ভালো ও ক্রমাগত উন্নতি হয়েছে।৯৪ বছর বয়সী এই বর্ণবাদবিরোধী নেতা ফুসফুসে সংক্রমণের কারণে গত ২৭ মার্চ হাসপাতালে ভর্তি হন। তবে কোন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল তা প্রকাশ করা হয়নি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁকে অনেকেই দেশটির জাতির পিতা হিসেবে দেখে থাকেন। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে সংগ্রামী এই নেতাকে ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে গতকাল বলা হয়, ক্রমাগত উন্নতি হওয়ার কারণে ম্যান্ডেলাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি এখন বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন। চিকিৎসক দল ও হাসপাতালের কর্মীরা ‘মাদিবা’র (ম্যান্ডেলার গোত্রীয় নাম) প্রতি অত্যন্ত দক্ষতার সঙ্গে যত্ন নেওয়ায় প্রেসিডেন্ট জ্যাকব জুমা তাঁদের ধন্যবাদ দিয়েছেন। সমর্থন দেওয়ার জন্য প্রেসিডেন্ট জুমা দক্ষিণ আফ্রিকার সব নাগরিকসহ বিশ্ববাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। এ নিয়ে ম্যান্ডেলা গত দুই বছরে চারবার হাসপাতালে ভর্তি হন। বিবিসি।